এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যদিয়ে সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড হতে উনচি প্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।
করোনার অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালাভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এই সময় ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মধ্য দিয়ে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করতে চায় বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিএনপির মহাসচিব লঞ্চডুবির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকে মিলিয়ে ফেলেছেন। কোনটি সরকারের দায়, কোনটি নয়, সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে এখন কালবৈশাখীর মৃত্যুর দায়ও তারা সরকারের ওপর চাপাচ্ছে। সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে, বজ্রপাতে নিহতের ঘটনায়ও সরকারকে দায়ী করছে বিএনপি।
শেখ হাসিনা সরকার জনঘনিষ্ঠ যেকোনো ইস্যুতে সবার আগে সাড়া দেয় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে সবার আগে সহযোগিতা নিয়ে এগিয়ে যায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার এই দুঃসময়ে দেশ ও জাতির কল্যাণে বিএনপি কী করেছে? তা দেখলেই তাদের মিথ্যাচার আর অপরাজনীতির পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে ওঠে। ঘরে বসে লিপ-সার্ভিস দিয়েই বিএনপি নিজেদের দায়িত্ব শেষ করে।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, একটি রাজনৈতিক দলের এমন পলায়ন মনোবৃত্তি ও জনকল্যাণে নিস্পৃহভাব জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতিকেই প্রশ্নবিদ্ধ করে।
-ঢাকা অফিস











































