বাংলাদেশে করোনা সংক্রমণের হার শুরুর দিকের তুলনায় এখন কম আছে। কয়েক সপ্তাহ ধরেই এই ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। এটা অবশ্যই স্বস্তিদায়ক সংবাদ। তবে এই স্বস্তিকর অবস্থা কত দিন চলবে, তা বলা কঠিন। কারণ এরই মধ্যে আবার করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, সংক্রমণের হার আবারও বেড়ে যেতে পারে। তাঁরা সাধারণ মানুষকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা সংক্রমণের গতিবিধি নিয়ে গবেষণা বাড়ানোরও তাগিদ দেওয়া হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুসারে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন, তাঁদের পরিবারকে প্রণোদনা দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
গত সোমবার আয়োজিত এক সেমিনারে এসব প্রসঙ্গ উত্থাপিত হয়। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন এই মহামারি নিয়ে সারা বিশ্বই বিপর্যস্ত ছিল, কোথাও কিছু বুঝে ওঠা যাচ্ছিল না, কোনো উপকরণ পাওয়া যাচ্ছিল না। তার পরও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং সাফল্যের সঙ্গেই তা করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশেই করোনার টিকা উৎপাদনের ব্যবস্থা নিতে বলেছেন বলে তিনি জানান। সেমিনারে বলা হয়, করোনার কারণে দেশ, সরকার ও মানুষকে অনেক সংকট কাটাতে হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বস্তিকর। মানুষকে সেবা দিতে গিয়ে যে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা জীবন দিয়েছেন, তাঁদের পরিবারকে প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকারের ইতিবাচক পদক্ষেপ দরকার। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, এখন যেভাবে সংক্রমণ বাড়ছে, সেই হার বিবেচনায় নিলে বলা যায়, সামনে আবারও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে পারে। তাই করোনার নতুন নতুন জাত, বিশেষ করে ‘ইউকে ভ্যারিয়েন্ট’ নিয়ে ভাবতে হবে; গবেষণার ব্যবস্থা করতে হবে। টিকা ব্যবস্থাপনাও এখন পর্যন্ত খুব ভালো। মানুষকে সচেতন থাকতে হবে, সরকারকেও আরো সতর্ক থাকতে হবে। টিকা নিলেও অন্য সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এড়িয়ে যাওয়ার উপায় নেই। দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। যত দ্রুত তা করা যাবে, ততই মঙ্গল। করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। এ দেশে হয়তো সেটার সংক্রমণের মাত্রা এখন টের পাওয়া যাচ্ছে না, তবে সাবধান থাকা উচিত। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রণোদনা দেওয়া জরুরি। এতে অন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীরাও কাজে উৎসাহ পাবেন, তাঁদের মনোবলও বাড়বে। দেশে টিকা উৎপাদন করতে পারলে সবচেয়ে ভালো।











































