Home জাতীয় ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ: জাফরুল্লাহ

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ: জাফরুল্লাহ

7

কথা বলতে না দেয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া লেখক মুশতাক না মরলে কার্টুনিস্ট কিশোর মুক্তি পেত না বলেও মন্তব্য করেন তিনি। জাফরুল্লাহ আরও বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর চৌকস অফিসারদের হত্যা করা হয়েছিল। গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা। ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে দেশ। তরুণ প্রজন্ম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।

–ঢাকা অফিস