Home আঞ্চলিক ডুমুরিয়ায় পাউবো’র মাটি ইটভাটার গর্ভে : হুমকির মুখে ভেঁড়ীবাঁধ

ডুমুরিয়ায় পাউবো’র মাটি ইটভাটার গর্ভে : হুমকির মুখে ভেঁড়ীবাঁধ

10

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে স্লুইচ গেটের নিকটে পানি উন্নয়ন বোর্ডের ভেঁড়ীবাঁধের নিচে স্কেভেটর দিয়ে বিশাল গর্ত করে খননকৃত সরকারি মাটি চড়া মূল্যে স্থানীয় এক ইটভাটায় সরবরাহ করা হচ্ছে দেদারছে।এতে একদিকে হুমকির মুখে পড়ছে ভেঁড়ীবাঁধ অন্যদিকে মাটি বহনকৃত ভারী যানবাহনে ক্ষতিগ্রস্থ হচ্ছে জনবহুল কার্পেটিং সড়কটি।এ যেন দেখার কেউ নেই। আশু ব্যবস্থা গ্রহন না করলে ভেঁড়ীবাঁধ ধ্বসে হুমকির মুখে পড়বে হাজার হাজার হেক্টর ফসলি জমি।তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়,উপজেলার কাঁঠালতলা-মাগুরখালী সড়কে ১৭/১ পোল্ডারের কুলবাড়ীয়া স্লুইচ গেটের নিকটবর্তী এলাকায় স্থানীয় কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে।সম্প্রতি গত ২/৩ দিন ধরে ভেঁড়ীবাঁধের নীচে স্কেভেটর দিয়ে বিশাল গর্ত করে খননকৃত সরকারি মাটি চড়া মূল্যে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে দেদারছে বলে এলাকাবাসি অভিযোগ করেন।এ নিয়ে কথা হয় স্থানীয় একাধিক লোকজন ও ইউপি সদস্য আব্দুল হালিম মুন্নার সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে জোরালো অভিযোগ করে বলেন,কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে।এরমধ্যে গত ২/৩ দিন ধরে স্কেভেটর দিয়ে স্লুইচ গেটের নিকটে পাউবো’র ভেঁড়ীবাঁধের নীচ থেকে মাটি খনন করে স্থানীয় আজিজুল ইসলামের ইটভাটায় ভারী যানবাহন দ্বারা চড়া দামে ওই মাটি সরবরাহ করা হচ্ছে।

এতে যে কোন সময় ধ্বস নেমে ভেঁড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে হাজার হাজার হেক্টর ফসলি জমি।তারা আরও অভিযোগ করে বলেন মাটি বহনকৃত ভারী যানবাহন ওঠা-নামায় ও চলাচলে কার্পেটিং সড়কে নেমেছে ধ্বস।এছাড়া সড়কে কাদামাটি পড়ায় ঝুঁকির মধ্যদিয়ে চলতে হচ্ছে প্রতিটি যানবাহন।বিষয়টি খুবই নেক্কারজনক উল্লেখ করে ওই ইউপি সদস্য আরও বলেন,আশু এটা বন্ধ ও এর সাথে যারা জড়িত তাদের শাস্তি হওয়া প্রয়োজন।এ প্রসঙ্গে মাটি খননের সত্যতা স্বীকার করে আব্দুল হাই বলেন,মাটি বিক্রয়ের বিষয়টি অস্বীকার করে বলেন,ঘের খননের স্বার্থে আজিজুলের ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে।তবে এটা যে বে-আইনি তা আমার জানা ছিলনা।এ বিষয়ে পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন,খবর পেয়েছি আশু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।