Home আঞ্চলিক দাবী আদায়ে রাজপথে ভূখা মিছিল, বৃহস্পতিবার সড়ক ও রেলপথ অবরোধ

দাবী আদায়ে রাজপথে ভূখা মিছিল, বৃহস্পতিবার সড়ক ও রেলপথ অবরোধ

9

রাষ্ট্রায়ত্ব জুট মিল গুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হলেও আলীম জুট মিলের শ্রমিকদের পাওনা আইনী জটিলতায় আটকে আছে

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:

খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিকদের বকেয়া পাওনা আইনী জটিলতায় আটকে আছে। খুলনাসহ দেশের ২৪টি রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ চলমান থাকলেও একমাত্র খুলনার আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকদের কোন পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসুচি পালন করে যাচ্ছে মিলটির শ্রমিক-কর্মচারী। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের ডাকা চতুর্থ দফার চলমান আন্দোলন কর্মসুচির অংশহিসাবে সোমবার সকাল ১১টায় আটরা শিল্পাঞ্চলের রাজপথে ভূখা মিছিল বের করে। মিলের শ্রমিক ও তার পরিবারের সদস্যরা থালাবাটি হাতে নিয়ে ভূখা মিছিলে অংশগ্রহন করে।

আলীম জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির জানিয়েছেন, আইনী জটিলতায় মিলটির শ্রমিকদের সকল পাওনা আটকে আছে। মেসার্স শিল্পা প্রতিষ্ঠান মিলের ১৬% শেয়ার দাবী করে আইনের মারপ্যাচে শ্রমিকদের পাওনা পরিশোধে হয়রানি করছে। তারা শেয়ারের অংশ হিসাবে মালিকানা দাবী করে আদালতে একাধিক কনডেম মামলা করে। আদালত তাদের তিনটি মামলা খারিজ করে দেওয়ায় এবং অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ের ইতিবাচক অনুমতি দেওয়ায় শ্রমিকরা তাদের পাওনা পাওয়ার বিষয়ে আশার আলো দেখছিল। কিন্তু পাওনা পরিশোধে বাধা হয়ে দাড়িয়েছে আইন মন্ত্রণালয়ে ফাইলটি আটকে যাওয়ায়। তিনি আরো জানান গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ব জুট মিল ২০২০ সালের ১ জুলাই থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ব এ মিল গুলোর মধ্যে একমাত্র খুলনার আলীম জুট মিলটির শ্রমিকদের পাওনা পরিশোধ আইনী জটিলতায় আটকে আছে।

এদিকে পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী গতকাল সোমবার সকাল ১০টার পর থেকে মিলের শ্রমিকরা আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। সকাল ১১টায় মিলের প্রধান ফটকের সামনে থেকে শ্রমিকরা থালাবাটি হাতে নিয়ে ভূখা মিছিল বের করে। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের পথের বাজার হয়ে আলীম ও ইষ্টার্ণ জুট মিল সংলগ্ন রাজপথ ঘুরে আলীম জুট মিলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়াকার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম। বক্তৃতা করেন  ইষ্টার্ণ জুট মিলের সভাপতি আলাউদ্দিন, থানা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মোল্যা, ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, আলীম জুট মিলের সাবেক সভাপতি আঃ সালাম জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক আঃ রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির সদস্য জাকির সরদার, সদস্য সচিব আঃ রউফ মোড়ল, জহির উদ্দিন খান, হক হাওলাদার, ইকবাল হোসেন, শেখ মজিবার, কাসেম সরদার, কামরুজ্জামান, হাদিউজ্জিামান, অহিদুল ইসলাম, শেখ আমিরুল, রেদওয়ান বাহার প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্বকর্মসুচির অংশহিসাবে আগামী ২৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা দুই ঘন্টা আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি পালনের সিদ্ধান্ত রয়েছে।