Home খেলাধুলা ভুটানকে হারিয়ে হামজাকে জয় উপহার দিতে চান তপু

ভুটানকে হারিয়ে হামজাকে জয় উপহার দিতে চান তপু

2

স্পোর্টস ডেস্ক।।

গ্যালারিতে হাজারো দর্শকের উপস্থিতি, ঘরের মাঠে খেলার বাড়তি চাপ। তবে এসবকে ভয় নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক তপু বর্মন।

আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তপু জানালেন, টুর্নামেন্টে ভালো শুরুর জন্য প্রথম ম্যাচটিই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে উদ্বোধনী ম্যাচে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। হামজার অনুপস্থিতি যে দলকে ভোগাবে, তা স্বীকার করেছেন তপু। তবে সতীর্থকে জয়ের উপহার দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন অধিনায়ক।

তপু বলেন, ‘প্রথমত বলব, তাকে অনেক মিস করব। তার মতো নেতৃত্ব আমাদের দলে খুবই প্রয়োজন। তবে তার জন্য আমাদের একটা করণীয় থাকবে, সেটি হলো পথটা যেন সহজ করতে পারি। আমরা তাকে ভালোভাবে স্বাগত জানাতে চাই, আর সেটা হবে জয় দিয়ে।’

শ্রীলঙ্কা আগের চেয়ে অনেক শক্তিশালী দল হয়ে উঠেছে বলেও মনে করেন তপু। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

তপু বলেন, ‘শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় দলে এসেছে। আগের দলটির সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। এখন তারা যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারবে। এশিয়ান কাপ বাছাইপর্বে তাদের পয়েন্ট ছিল ৯, যা সহজ কোনো বিষয় নয়। স্বাভাবিকভাবেই এতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে।’

নিজেদের দল নিয়েও আশাবাদী তপু। ২০১৫ সালের দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করে তিনি মনে করেন, এবারের বাংলাদেশ দল অনেক বেশি গোছানো। ঘরের মাঠে সাফের মতো টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।

তার ভাষায়, ‘আমি অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে রক্ষণভাগ থেকে। পুরো দল এবং গোলরক্ষককে নিয়ে আমাদের ভালো করতে হবে। আমার কাছে মনে হয়, ঘরের মাঠে সাফ খেলার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। ২০১৫ সালের দল আর এখনকার দলের মধ্যে অনেক পার্থক্য।’