স্পোর্টস ডেস্ক।।
নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের যুবাদের কাছে ১১৩ রানের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ।
আল আমেরাতে ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অল্প রানে আটকে যাওয়ার শুরুটাও হয়েছে ইনিংসের শুরুতেই। দলীয় ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে দাঁড়ায় বাংলাদেশ।
সেই ধ্বংসস্তূপ থেকে পরে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।পরে শুধু পরাজয়ের ব্যবধান কমানো গেছে। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন ওপেনার জারিফ সিয়াম। সিয়াম ছাড়া আর মাত্র দুজন দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। নয়ে নামা রুবায় ইসলাম রিজনের ২১ রানের বিপরীতে ৩৩ রান করেন আটে নামা রবিউল হাসান অনিক।
বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৩টি করে উইকেট নিয়েছেন নুর আলি নিয়াজি, আমির হামজা ও সামি মুবারেজ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটাও ভালো ছিল না। দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। তবে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও অন্য প্রান্ত আগলে রেখে দলকে ২৩১ রানের পুঁজি এনে দেন শাহ ফয়সাল রাহিমি। পাঁচে নেমে খেলেছেন ৮৩ রানের দুর্দান্ত ইনিংস।
৮ চার ও ১ ছক্কার ইনিংসের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম।











































