Home Lead পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, কারাতে ও তৃতীয় ভাষা শেখার সুযোগ পাবে শিশুরা: তারেক...

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, কারাতে ও তৃতীয় ভাষা শেখার সুযোগ পাবে শিশুরা: তারেক রহমান

5


স্টাফ রিপোর্টার।।


ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলা, কারাতে, আর্টস ও তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। তাদের হাত ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং বিশ্বদরবারে দেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৪০ জন শিক্ষার্থীর হাতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির অফার লেটার তুলে দেন।
বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত শিশু-কিশোররা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যেমন পড়ালেখা করতে পারো, তেমনি খেলাধুলায়ও পারদর্শী হবে। তোমাদের পারতে হবে। লেখাপড়ার পাশাপাশি কারাতে, আর্টস ও খেলাধুলা জানতে হবে। তোমরা যেন পড়ালেখার পাশাপাশি সব ধরনের খেলাধুলা ও তৃতীয় ভাষা শিখতে পারো, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, এই বাংলাদেশকে তোমাদের গড়ে তুলতে হবে। বিশ্বদরবারে দেশের সুনাম পৌঁছে দিতে তোমাদের এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে শিশু-কিশোরদের শিক্ষা ও ক্রীড়া প্রতিভা বিকাশে সমান গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে। ক্রীড়াকে শুধু বিনোদন নয়, বরং পেশা ও জীবিকার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার সরকারি অঙ্গীকারের অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে দুই শিক্ষার্থী এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া ৪০ শিক্ষার্থীর মধ্যে নতুন সম্ভাবনার প্রত্যাশা তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, আজিজুল বারী হেলাল, আলী আজগার লবী, আমির এজাজ খান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজ আলম খান, বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ প্রশাসন ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মধ্য দিয়ে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই প্রতিভা অন্বেষণ কতটা কার্যকর প্রশিক্ষণ, অবকাঠামো ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে পারে, সেটিই হবে কর্মসূচির সফলতার বড় পরীক্ষা