বিনোদন ডেস্ক ||
বলিউডে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন, কাজের ক্ষেত্র ভারত হলেও তাদের অনেকের পাসপোর্ট অন্য দেশের। সম্প্রতি মার্কিন নাগরিকত্বের কারণে অভিনেতা ইমরান খানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর নতুন করে আলোচনায় এসেছে বিদেশি নাগরিকত্বধারী ভারতীয় চলচ্চিত্র তারকাদের প্রসঙ্গ। এই তালিকায় রয়েছেন ইমরান খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজসহ আরো অনেকে।
সম্প্রতি ভারতে একটি বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে ইমরান খানকে। তার মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি সামনে আসার পর অনেকেই অবাক হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে কাজ করলেও অন্য দেশের নাগরিকত্ব রয়েছে—এমন কয়েকজন অভিনেতার পরিচয় তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম।
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে জন্ম ইমরান খানের। তার বাবা অ্যাংলো-ইন্ডিয়ান এবং মা পশতু ও আরব বংশোদ্ভূত মুসলিম। জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক। পাশাপাশি তার রয়েছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড।
আলিয়া ভাট
বলিউড পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়া ভাট। তার মা কাশ্মীরি পণ্ডিত পরিবারের হলেও জার্মান বংশোদ্ভূত। সোনি রাজদান নিজেও ব্রিটিশ নাগরিক। মায়ের সূত্রেই আলিয়ার রয়েছে ব্রিটিশ পাসপোর্ট।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ ব্রিটিশ নাগরিক। তার জন্ম ব্রিটিশ হংকংয়ে। তার বাবা কাশ্মীরি বংশোদ্ভূত মুসলিম এবং মা ইংল্যান্ডের আইনজীবী ও দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত একজন কর্মী।
জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিনের বাবা শ্রীলঙ্কার বার্গার সম্প্রদায়ের এবং মা মালয়েশীয় ও কানাডীয় বংশোদ্ভূত। বাহরাইনে জন্ম নেওয়া এই অভিনেত্রী শ্রীলঙ্কার নাগরিক। ২০০৬ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বও করেছিলেন তিনি।
শিবানী দান্ডেকর
মারাঠি পরিবারে পুনেতে জন্ম শিবানী দান্ডেকরের। তবে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। তার বাবা থিয়েটার অভিনেতা এবং মা অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজে কাজ করেন। শিবানী অস্ট্রেলিয়ার নাগরিক। তারও রয়েছে ওসিআই কার্ড।
নোরা ফাতেহি
নোরার বাবা-মা দুজনেরই শিকড় মরক্কোয়। কানাডার টরন্টোতে জন্ম ও বেড়ে ওঠা এই অভিনেত্রী কানাডার নাগরিক।
কল্কি কেকলাঁ
কল্কি কেকলাঁর বাবা-মা ফরাসি। হিন্দুধর্ম গ্রহণের পর তারা ভারতে আসেন। পুদুচেরিতে জন্ম হলেও কল্কির রয়েছে ফরাসি পাসপোর্ট।
নার্গিস ফাখরি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সে জন্ম নার্গিস ফাখরির। তার বাবা পাকিস্তানি এবং মা চেক নাগরিক। অভিনেত্রী নিজে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।
সানি লিওন
কানাডার অন্টারিওর সার্নিয়ায় জন্ম সানি লিওনের। তার বাবা-মা শিখ পাঞ্জাবি ভারতীয় বংশোদ্ভূত। জন্মসূত্রে সানি কানাডার নাগরিক এবং তার পাসপোর্টও কানাডার।
বলিউডে কাজ করা তারকাদের অনেকেরই শিকড়, জন্মস্থান কিংবা নাগরিকত্ব ভারতের বাইরে। তবে, ভারতীয় চলচ্চিত্রে তাদের জনপ্রিয়তা ও পরিচিতি তৈরি হয়েছে নিজ নিজ অভিনয় এবং কাজের মধ্য দিয়েই।











































