বিনোদন ডেস্ক।।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত অভিনেত্রী কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে। এরই মধ্যে ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের জীবনের মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কীর্তি। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা করতে একসময় একাদশ শ্রেণির পরীক্ষাই ফাঁকি দিয়েছিলেন তিনি। ছোটবেলার সেই স্মৃতি মনে করে বেশ নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী।
কীর্তি জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। তবে তার বাবা ও মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার চেয়েছিলেন, অভিনয়ে আসার আগে মেয়ে পড়াশোনা শেষ করে স্নাতক ডিগ্রি অর্জন করুক। অন্যদিকে, কীর্তির দিদি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সঙ্গেও প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন তিনি। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ পান কীর্তি।
শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি বলতে গিয়ে কীর্তি জানান, প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানে অভিনেতার সঙ্গে দেখা হওয়ার কথা মনে পড়েছিল। পরে মনে পড়ে আরও পুরোনো একটি ঘটনা। একাদশ শ্রেণিতে পড়ার সময় বন্ধুর সঙ্গে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে কীর্তি বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল। আমার দিদি প্রিয়দর্শন স্যরের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। সেই সময় ‘বিল্লু’ সিনেমার শুটিং চলছিল। আমি আর আমার এক বন্ধু পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে সেটে চলে গিয়েছিলাম।’
সেই দিনের একটি ছবিও নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন কীর্তি। তবে ছবিতে নিজের সাজপোশাক নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে তার। মজার ছলে অভিনেত্রী বলেন, ‘ছবিটা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাকে খুব একটা ভালো দেখতে লাগছে না। তাই আবার দেখতে চাই না। পুরোনো সালোয়ার পরেছিলাম, কপালে ছিল বড় টিপ। তবে সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল।’
একসময় প্রিয় অভিনেতাকে একনজর দেখতে পরীক্ষার হল ছেড়ে শুটিং সেটে ছুটে গিয়েছিলেন কীর্তি। সময়ের ব্যবধানে তিনিও এখন পরিচিত মুখ। তবে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই স্কুলজীবনের স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে রয়েছে।











































