Home Lead প্রধানমন্ত্রীকে দেখতে খুলনার পথে পথে মানুষের ঢল

প্রধানমন্ত্রীকে দেখতে খুলনার পথে পথে মানুষের ঢল

1

স্টাফ রিপোর্টার।।

সরকার গঠনের পর প্রথমবারের মতো আজ খুলনায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে একনজর দেখার প্রত্যাশায় খুলনার পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই রূপসা উপজেলার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড দিয়ে পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পথে পথে মানুষের উপস্থিতি, স্লোগান আর নানা আয়োজন ঘিরে খুলনা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। তাদের প্রত্যাশা, কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার পাশাপাশি তার বক্তব্য শোনার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা জেলা ও নগরীতে পর্যন্ত নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।


খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের আরিফুর রহমান বলেন, ‘জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ হবে আজ। তাকে একনজর দেখতে সকাল থেকেই এখানে অপেক্ষা করছি।’

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন জানান, কুদির বটতলা থেকে স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শৃঙ্খলা রক্ষা ও যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিকুল আলম মনা বলেন, ‘বিগত ১৭টি বছর ধরে ভালোবাসার এই খুলনা অঞ্চলটি চরম অবহেলায় এক মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছিল। প্রিয় নেতার এই আগমন কেবল এক প্রশাসনিক সফর নয়, এ যেন নিঃশ্বাসে নতুন জীবন ফিরে পাওয়ার মতো। খুলনার বন্ধ কলকারখানা ফের সচল হওয়া, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং ঝরে পড়া স্বপ্নগুলোকে নতুন করে বাঁচিয়ে তোলার যে মহতী প্রতিশ্রুতি তার কণ্ঠে প্রতিধ্বনিত হবে, তার জন্যই তো অধীর আগ্রহে প্রহর গুনছি আমরা।’

সফরসূচি অনুযায়ী, আজ সকালে মোংলা বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

এরপর বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। দুপুর নাগাদ তিনি পৌঁছাবেন খুলনা সার্কিট হাউজে। বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষণের মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর বর্ণাঢ্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।