Home আঞ্চলিক খুলনার ডুমুরিয়ায় গুলিতে যুবক নিহত

খুলনার ডুমুরিয়ায় গুলিতে যুবক নিহত

24

ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা নামক স্থানে শওকাত হোসেনের চায়ের দোকানে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।

নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুজন যুবক মোটরসাইকেলযোগে এসে চায়ের দোকানে থাকা তরিকুলকে লক্ষ্য করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তরিকুল।

এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে খুলনা-দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডুমুরিয়া থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।