Home আঞ্চলিক শফিকুল আলম তুহিনের আকুলতায় জনতার কাতারে প্রধানমন্ত্রী

শফিকুল আলম তুহিনের আকুলতায় জনতার কাতারে প্রধানমন্ত্রী

59


স্টাফ রিপোর্টার।।


রাজনীতির ইতিহাসে রচিত হলো এক অবিস্মরণীয় মানবিক ও আবেগঘন অধ্যায়। কোনো কড়া নিরাপত্তা বেষ্টনী কিংবা প্রটোকলের প্রথাগত নিয়ম-কোনোটাই ধরে রাখতে পারেনি জনমানুষের প্রিয় নেতাকে। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের ব্যাকুল আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে মিশে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক সোনালী ব্যাংক চত্বরে নির্মিত হয়েছিল সুবিশাল পথসভা মঞ্চ। সকাল থেকেই সেই চত্বরে জাসাস শিল্পীদের দেশাত্মবোধক সুরে সুর মেলানো হাজার হাজার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত ছিল চারপাশ।


ঘড়ির কাঁটায় তখন বিকেল ৩টা ২১ মিনিট। শত সহস্র মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাল-সবুজের স্বপ্নঘেরা ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি এসে থামে পথসভা মঞ্চ পেরিয়ে একটু আগে। চারদিকে তখন কেবল মানুষের জয়ধ্বনি। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে মঞ্চের মাইক হাতে নিয়ে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন পরম আকুলতায় বলতে থাকেন, “মাননীয় প্রধানমন্ত্রী, ভোর থেকে হাজার হাজার মানুষ শুধুই আপনার মুখটি একপলক দেখার আশায় প্রহর গুনছে; আপনি দয়া করে একবার এখানে আসুন, আপনার কথা শুনতে চায় উপস্থিত জনতা।”


তুহিনের আবেগভরা সেই ডাক যেন ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর হৃদয়কে। প্রটোকলের সমস্ত নিয়ম ভেঙে বাস থেকে নেমেই সোজা হেঁটে গেলেন আপামর জনতার দিকে। কোনো কৃত্রিম দূরত্ব না রেখে হাত বাড়িয়ে দিলেন রোদে পোড়া, মেহনতী সাধারণ মানুষ ও আবেগাপ্লুত কর্মীদের দিকে। প্রিয় নেতাকে হাত বাড়াতে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে গোটা সোনালী ব্যাংক চত্বর।


উপস্থিত জনতার মধ্যে থেকে এক বৃদ্ধ অশ্রুসজল চোখে বলতে থাকেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন প্রধানমন্ত্রী তো আমরা কখনো দেখিনি! যিনি জনসভায় এসে রাজকীয় মঞ্চে ওঠার আগেই প্রটোকল ভুলে সাধারণ মানুষের হাত জড়িয়ে ধরেন।”
জনতার অনিশেষ ভালোবাসায় সিক্ত হয়ে এরপর প্রধানমন্ত্রী উঠেন মঞ্চে। সেখানে দাঁড়িয়ে তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা, খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়নের দীর্ঘ রূপরেখা তুলে ধরেন।


এর আগে উক্ত ঐতিহাসিক পথসভা মঞ্চে বক্তব্য রেখে খুলনার সার্বিক উন্নয়ন ও নতুন দিনের স্বপ্নের কথা তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি।