Home আঞ্চলিক ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

2


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলেন ৯ হাজার টাকা। কিন্তু যাওয়ার আগে মায়ের কাছে আর মাত্র ১০০ টাকা চেয়েছিলেন পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান তিনি। এরপর বন্ধ করে দেন ঘরের দরজা।


পরিবারের সদস্যরা সকালে ঘরে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, পিংকির ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার। সে লক্ষ্যে খুলনায় একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেছেন, হাসপাতাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।