Home খেলাধুলা ফুটবলে নেই ভারত-পাকিস্তান বৈরিতা

ফুটবলে নেই ভারত-পাকিস্তান বৈরিতা

1

স্পোর্টস ডেস্ক।।

নাই-বা হলো ক্রিকেট; ভারত-পাকিস্তান ম্যাচ তো আজ। সেখানে কি আজ ভারতীয় দলের অধিনায়ক সৌজন্যতার হাত গুটিয়ে রাখবেন পাকিস্তান অধিনায়কের সামনে? প্রশ্নটা শুনেই পাশে বসা কোচের দিকে তাকিয়ে উত্তরটি গুছিয়ে নিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক নাথান রদ্রিগেজ। ‘অবশ্যই হাত মেলাব, এটা এমন কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, আমরা সেটাই করব, যা ফুটবলের সৌজন্যতায় আছে।’

পাশ থেকে ভারতের কোচ নওশাদ মুসাও মাইক কেড়ে নিয়ে বললেন, ‘ঠিক তাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা তাদের বুকেও জড়িয়ে ধরব।’ সাফের উদ্বোধনী ম্যাচের আগে ভারতীয় দলের এমন ঘোষণার পর যেন ফুটবলের সৌন্দর্যটাই ফুটে উঠল গতকালের সংবাদ সম্মেলনে। ক্রিকেটের মতো বৈরিতা তাদের ফুটবলে নেই– পাকিস্তান অধিনায়ক আলমগীর আলি খান গাজীও বলেছেন, ‘এটা ক্রিকেট নয়, ফুটবল। এ জন্যই তো সুন্দরতম খেলা, তাই না? ওরা যা করবে বলেছে, আমরাও তাই করব।’

ঐতিহ্যের খেরোখাতা ওল্টালে দেখা যাবে, আন্তর্জাতিক ফুটবলে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী এ পর্যন্ত মোট ২৭ বার সবুজগালিচায় মুখোমুখি হয়েছে। সেখানে শক্তির দাঁড়িপাল্লায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে ভারত; তাদের ঝুলিতে রয়েছে ১৩টি জয়, যেখানে পাকিস্তান হেসেছে মাত্র তিনটি ম্যাচে আর বাকি ১১টি লড়াই শেষ হয়েছে অমীমাংসিত ড্রয়ের মলাট মুড়িয়ে। সাফের আঙিনাতেও ভারতের একাধিপত্যের ইতিহাস দীর্ঘ।

কিন্তু আজ ঢাকার মাঠে যে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হচ্ছে, তা যেন এক অদ্ভুত এবং খণ্ডিত ক্যানভাস। আইএসএলের পেশাদারি কোলাহল আর নিউজিল্যান্ড সফরের ব্যস্ততায় ভারত এবার ঢাকায় পাঠিয়েছে অনূর্ধ্ব-২৩ ও ঘরোয়া ফুটবলারদের নিয়ে গড়া এক আনকোরা দ্বিতীয় সারির স্কোয়াড। অন্যদিকে, ডেনমার্কপ্রবাসী নিয়মিত অধিনায়ক আবদুল্লাহ ইকবাল কিংবা ইশতিয়াক সুলাইমানদের মতো ইউরোপীয় ঘরানার ধারালো অস্ত্রদের ছাড়াই গ্রুপ পর্বের বৈতরণী পার হতে হচ্ছে পাকিস্তানকে, কারণ তাদের ক্লাব ফুটবল ছাড়েনি।