স্টাফ রিপোর্টার।।
খুলনা সফরে এসে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথচলার মাঝে প্রটোকলের তোয়াক্কা না করে হঠাৎ গাড়ি থামিয়ে নারী নেত্রী সুজানা জলি ও কলেজশিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাফিজার দেওয়া ফুল ও আবেগঘন চিরকুট পরম মমতায় গ্রহণ করেছেন তিনি। এ সময় উপস্থিত কোমলমতি স্কুলশিক্ষার্থীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রিয় রাষ্ট্রপ্রধানকে এত কাছ থেকে দেখতে পেয়ে এবং কথা বলতে পেরে আনন্দের বন্যায় ভেসে যায় শিক্ষার্থীরা।
গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এই আবেগঘন মুহূর্তে ফুল নিয়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি সুজানা জলি। তিনি দীর্ঘদিন ধরে রাজপথের মহিলা দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে খুলনা মহানগর খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, সাধারণ মানুষের এই ঢলে প্রধানমন্ত্রীকে এক অনন্য চমক উপহার দেয় সরকারি খুলনা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাফিজা। সে প্রধানমন্ত্রীর হাতে একটি বিশেষ চিরকুট তুলে দেয়, যাতে ইংরেজিতে লেখা ছিল— “You are my Pride & Joy” (যার বাংলা অর্থ: ‘আপনি আমার গর্ব ও আনন্দ’)।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এমন অভূতপূর্ব সাড়া, ফুল ও চিরকুট গ্রহণের মুহূর্তটি উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে এক বর্ণিল আনন্দের সৃষ্টি করে। বিশেষ করে একজন সাধারণ কলেজ শিক্ষার্থীর এমন হৃদয়ছোঁয়া বার্তা প্রধানমন্ত্রীর খুলনা সফরকে ঘিরে তৈরি হওয়া জনসম্পৃক্ততায় এক স্মরণীয় ও ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এই গভীর ভালোবাসা স্থানীয়দের মাঝে চরম উচ্ছ্বাস ও আনন্দের খোরাক জুগিয়েছে।











































