বাগেরহাট প্রতিনিধি।।
‘বাগেরহাটে স্বাগতম পিনু ভাই। দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, প্লিজ’—জাতীয় পতাকার আদলে তৈরি একটি লাল সবুজ টি-শার্টে লেখা ছিল এমনই বার্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ দৃশ্য চোখে পড়ে।
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে যখন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে, তখন নদীর পাড় দখলমুক্ত করার দাবিতে এমন ব্যতিক্রমী প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইনজামামুল হক নামের একজন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আজ বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী। ভৈরবসহ সব নদী-খাল রক্ষায় দখল ও দূষণমুক্তের এই দাবি আমারও।’
বাগেরহাটের নদ-নদী ও খাল দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে শহরের ভৈরব ও দড়াটানা নদীর বিভিন্ন অংশে দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। নদীর জায়গা দখল হওয়ায় কোথাও কোথাও সংকুচিত হয়েছে পানিপ্রবাহের পথ। এতে পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ছে।
গত ২৬ জুলাই নদী ও খাল দখলমুক্ত করার দাবিতে বাগেরহাটে তরুণদের উদ্যোগে অবস্থান কর্মসূচিও পালিত হয়। সেখানে সরকারি রেকর্ডভুক্ত নদী-খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং জলাধার রক্ষার দাবি জানানো হয়।











































