স্পোর্টস ডেস্ক ।।
ফিফা আসিয়ান কাপে টানা দুই হারে পয়েন্ট শূন্য বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে তুলনামূলক ভালো খেলেও ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে থমাস ডুলির দল।
তবে দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্ট খেলাটাকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সোহেল রানা। তার মতে, এই আসরের অভিজ্ঞতা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দারুণ কাজে দেবে।
গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর আজ এক ভিডিও বার্তায় নিজেদের অবস্থা ও আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন এই ফুটবলার।
টুর্নামেন্টে দলের পারফরম্যান্স এবং এই আসরের গুরুত্ব বোঝাতে গিয়ে সোহেল রানা বলেন, ‘আমাদের জন্য এটা নতুন ছিল আসিয়ান কাপ।
এটা আমাদের নতুন একটা সাফের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমাদের অভিজ্ঞতা খুব ভালো যে আমরা আসিয়ান কাপ খেলতে পারছি।
’
টানা তিন মাস খেলার বাইরে থাকার পর আসিয়ান কাপের মতো বড় মঞ্চে অংশ নেওয়াটা যে বেশ কঠিন ছিল, তা অকপটেই স্বীকার করেছেন তিনি। তবে দুই ম্যাচ খেলার পর দলের আত্মবিশ্বাস ফিরেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা লিগে ছিলাম না। আমরা ট্রেনিংয়েও ছিলাম না। আমরা সবাই অনেকদিন, তিন মাসের মতো আমরা খেলার বাইরে ছিলাম। তো আমরা ওই হিসাবে আমরা একমাস বা চার সপ্তাহ ট্রেনিং করে আমরা এই আসিয়ান কাপের জন্য প্রস্তুতি নিয়েছি। তো আমরা ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে পারিনাই। এই দুইটা ম্যাচ খেলার পরে আমাদের প্লেয়ারদেরও এখন আগের থেকে অনেক ইমপ্রুভও হইছে, কনফিডেন্স লেভেল ভালো। এখন আমাদের জন্য ভালো কিছু হবে ইন্দোনেশিয়া ম্যাচে।’
পেশাদার খেলোয়াড় হিসেবে নিজের মানসিকতা এবং মাঠে সেরাটা দেওয়া প্রসঙ্গে এই ফুটবলার বলেন, ‘অবশ্যই আমি এজ এ প্লেয়ার হিসাবে, প্রফেশনাল প্লেয়ার হিসাবে সব সময় আমার মেন্টালি স্ট্রং রাখা লাগে, ফোকাস থাকা লাগে টিমের প্রতি। টিম সব সময় যখন কোচ চান্স দিবে তখন নিজের বেস্টটা দিব। তো ওই হিসাবে আমি আমার সেরাটা দেওয়ার জন্য আমি কালকে চান্স পাইছি, আমি সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করছি।’
আগামী ১ অক্টোবর আসরের শেষ ম্যাচে স্বাগতিক ও গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে দলের পরিকল্পনার কথাও জানিয়েছেন সোহেল রানা, ‘আমাদের ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা, কোচের হলো, আমাদের এই গ্রুপের সবচেয়ে স্ট্রং টিম ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার সাথে আমরা ফার্স্ট মিনিট থেকে আমরা চেষ্টা করবো যে মিড ব্লক করার জন্য। এন্ড বাকিটা ম্যাচ অনুযায়ী দেখা যাবে কি হয়।’











































