Home আন্তর্জাতিক ‘শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ হলে কমবে তেলের দাম : ট্রাম্পের দাবি

‘শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ হলে কমবে তেলের দাম : ট্রাম্পের দাবি

4

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেলের দামও দ্রুত কমে যাবে বলে দাবি করেন তিনি।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচনের সময় ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না—এমন দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দামও দ্রুত কমে যাবে।’

এদিকে সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। তবে দুই পক্ষের মধ্যে আলোচনায় এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমে আসে।