স্পোর্টস ডেস্ক ।।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএলটি-টোয়েন্টির নতুন আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তাদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের আইকন ক্যাটাগরিতে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এ ছাড়া নিলামের তালিকায় আছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির নতুন আসরের নিলাম।
সেখানে আইকন ক্যাটাগরিতে থাকা তাসকিনের ভিত্তিমূল্য ৮০ হাজার ডলার। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন ফাফ ডু প্লেসি, বাবর আজম, ফখর জামান, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস ও ডেভিড উইলির মতো তারকারা।
এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তাসকিন। বাংলাদেশের বাকি তিন ক্রিকেটারের মধ্যে শরিফুলের ভিত্তিমূল্য ৪০ হাজার ডলার।
অন্যদিকে মিরাজ ও সাকিব রয়েছেন ১০ হাজার ডলারের ক্যাটাগরিতে। নিলামে নাম থাকলেও চার ক্রিকেটারের কেউই এখনো দল পাননি। নিলামের পরই জানা যাবে, তাদের মধ্যে কারা নতুন আসরে খেলার সুযোগ পাচ্ছেন। এর আগে আইএলটি-টোয়েন্টির সর্বশেষ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন তাসকিন। ফলে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আবারও খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের এই পেসারের সামনে।
আইএলটি-টোয়েন্টির নতুন আসর শুরু হবে ২২ নভেম্বর। টুর্নামেন্ট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।











































