Home আঞ্চলিক গোপালগঞ্জে অনার্স পড়ুয়া ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে অনার্স পড়ুয়া ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

4

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জে জোবায়ের ভুঁইয়া (২২) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভুঁইয়ার ছেলে এবং হাজী লালমিয়া সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের।

পথে (পুখুরিয়া) একদল যুবক তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো. হামিম ভুঁইয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির জেরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে।

গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরের দিকে সে মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, তার ওপর হামলার প্রকৃত কারণ এখনো পুলিশ জানাতে পারেনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। একই কারণ উদঘটনে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।