Home স্বাস্থ্য চিনির পরিবর্তে গুড় খাচ্ছেন, এটা নিরাপদ কি না জানালেন বিশেষজ্ঞ

চিনির পরিবর্তে গুড় খাচ্ছেন, এটা নিরাপদ কি না জানালেন বিশেষজ্ঞ

2

মিলি রহমান।।

অনেকেই খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেন। তারা ভাবেন চিনির পরিবর্তে গুড় খাওয়া দারুণ উপকারী অভ্যাস। বিশেষ করে ওজন নিয়িন্ত্রণের ক্ষেত্রে। তবে এটা নিরাপদ কি না কিংবা ডায়াবেটিসের ঝুঁকির বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা নেই। এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে কথা বলেছেন। তারা জানান, ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগুলোও খুব একটা নিরাপদ বিকল্প নয়।

চিনি, গুড় না তালগুড় কোনটায় ক্যালরি কম
পুষ্টিবিদ শালিনী সুধাকর-এর মতে, নিয়মিত চিনি, গুড় এবং তালগুড় তিনটিই ক্যালরির দিক থেকে খুব কাছাকাছি। এক টেবিল চামচ করে প্রতিটি মিষ্টিকারকে প্রায় ৬০ ক্যালরি থাকতে পারে। শুধু তা-ই নয়, গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই-এর ক্ষেত্রেও গুড় বা তালগুড় খুব বড় সুবিধা দেয় না। নিয়মিত চিনির জিআই প্রায় ৬০, গুড়ের ৭০ এবং তালগুড়ের ৬৫। অর্থাৎ চিনির বদলে গুড় বা তালগুড় ব্যবহার করলেই খাবার কম ক্যালরির বা রক্তে শর্করাবান্ধব হয়ে যায় না।

গুড়ে আয়রন আছে, তাহলে কি এটি বেশি স্বাস্থ্যকর
গুড় ও তালগুড়ে সামান্য পরিমাণে কিছু খনিজ উপাদান থাকে। এ কারণেই অনেকের কাছে এগুলো চিনির তুলনায় বেশি পুষ্টিকর মনে হয়। তবে পরিমাণটাই এখানে গুরুত্বপূর্ণ। শালিনী সুধাকর জানিয়েছেন, এক টেবিল চামচ গুড় বা তালগুড়ে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকতে পারে। তাই আয়রনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে এগুলোর ওপর নির্ভর করা ঠিক নয়।

তাহলে মাঙ্ক ফ্রুট কি ভালো বিকল্প?
এখানেই কিছুটা পার্থক্য তৈরি করে মাঙ্ক ফ্রুট সুইটেনার। এটি সিরাইটিয়া গ্রসভেনোরি নামের একটি ফল থেকে তৈরি হয়, যা চীন ও থাইল্যান্ডের কিছু অঞ্চলে পাওয়া যায়। এর মিষ্টি স্বাদের মূল উৎস ‘মোগ্রোসাইড’ নামের যৌগ। শালিনীর মতে, মাঙ্ক ফ্রুট এক ধরনের নন-নিউট্রিটিভ সুইটেনার অর্থাৎ পণ্যের ধরন অনুযায়ী এটি খুব কম বা প্রায় কোনো ক্যালরি ছাড়াই মিষ্টি স্বাদ দিতে পারে।

চা-কফি ছাড়াও কিছু পানীয়, রান্না ও বেকিংয়েও এটি ব্যবহার করা যায়। তবে কেনার সময় সতর্ক থাকা জরুরি। বাজারের সব ‘মাঙ্ক ফ্রুট সুইটেনার’ শুধু মাঙ্ক ফ্রুট দিয়ে তৈরি নয়। অনেক পণ্যে অন্য মিষ্টিকারক বা উপাদান মেশানো থাকে। তাই শুধু প্যাকেটের সামনে লেখা মাঙ্ক ফ্রুট দেখে নয়, কেনার আগে ইনগ্রেডিয়েন্ট লিস্ট ও নিউট্রিশন লেবেল দেখে নেয়াই গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, ওজন ও অতিরিক্ত চিনি কমানোর লক্ষ্য থাকলে মাঙ্ক ফ্রুট কিছু মানুষের জন্য বিকল্প হতে পারে। তবে চিনি, গুড় বা তালগুড় প্রাকৃতিক হলেও এগুলো ক্যালরি ও কার্বোহাইড্রেট যোগ করে।