Home স্বাস্থ্য পেটে গুড়গুড় শব্দ কেন? যেসব লক্ষণে সতর্ক হওয়া দরকার

পেটে গুড়গুড় শব্দ কেন? যেসব লক্ষণে সতর্ক হওয়া দরকার

0

মিলি রহমান।।

অনেকক্ষণ না খেয়ে থাকলে হঠাৎ পেট থেকে গুড়গুড় শব্দ শোনা যায়। নীরব পরিবেশে এই শব্দ অনেক সময় অস্বস্তিকরও লাগতে পারে। অনেকেই মনে করেন, পেট থেকে এমন শব্দ হওয়া মানেই ক্ষুধা লেগেছে। তবে শুধু ক্ষুধার কারণেই নয়, পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের কারণেও পেটে গুড়গুড় শব্দ হতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্বাভাবিক বিষয়। তবে কিছু উপসর্গের সঙ্গে এমন শব্দ হলে সতর্ক হওয়া প্রয়োজন।

পেট থেকে গুড়গুড় শব্দ হয় কেন?

খাবার হজম ও শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দিতে পাকস্থলী ও অন্ত্র নিয়মিত সংকুচিত ও প্রসারিত হয়। এই স্বাভাবিক নড়াচড়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পেরিস্টালসিস’ বলা হয়। এ সময় পরিপাকনালির ভেতরে থাকা খাবার, তরল, পরিপাকরস ও বাতাস একসঙ্গে নড়াচড়া করে। এর ফলেই পেট থেকে গুড়গুড় শব্দ শোনা যায়। চিকিৎসাবিজ্ঞানে এই শব্দকে ‘বরবোরিগমি’ বলা হয়।

খালি পেটে শব্দ বেশি হয় কেন?

পেটে খাবার থাকলে অন্ত্রের ভেতরে বাতাস ও তরল চলাচলের শব্দ অনেকটাই চাপা পড়ে যায়। কিন্তু খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর পাকস্থলী ধীরে ধীরে খালি হতে শুরু করলে অন্ত্রের ভেতরে বাতাস ও তরলের চলাচল তুলনামূলকভাবে বেশি শোনা যায়। ফলে পেটের গুড়গুড় শব্দও স্পষ্ট হয়ে ওঠে।

এর সঙ্গে ক্ষুধার হরমোন ‘ঘ্রেলিন’-এরও সম্পর্ক রয়েছে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে এই হরমোনের মাত্রা বাড়ে। এটি মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠানোর পাশাপাশি পরিপাকতন্ত্রের পেশির সংকোচন-প্রসারণেও ভূমিকা রাখে। ফলে অন্ত্রে থাকা অবশিষ্ট খাবারকণা, তরল ও বাতাস এগিয়ে যাওয়ার সময় শব্দ তৈরি হতে পারে।

কখন সতর্ক হওয়া প্রয়োজন?

মাঝেমধ্যে পেটে গুড়গুড় শব্দ হওয়া স্বাভাবিক। শুধু এই শব্দ হচ্ছে বলে সাধারণত দুশ্চিন্তার কারণ নেই। তবে এর সঙ্গে তীব্র বা কামড় দেওয়ার মতো পেটব্যথা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, অতিরিক্ত পেট ফাঁপা, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা বারবার ডায়রিয়া থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এ ছাড়া ঘন ঘন মলত্যাগের চাপ, অকারণে ওজন কমে যাওয়া, রক্তাল্পতা কিংবা মলের সঙ্গে রক্ত যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।

ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), পরিপাকনালিতে বাধা কিংবা হজমের বিভিন্ন সমস্যার সঙ্গেও পেটের অস্বাভাবিক শব্দ দেখা দিতে পারে। তাই শুধু গুড়গুড় শব্দ হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে এর সঙ্গে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।