Home স্বাস্থ্য অন্ত্রের সুস্বাস্থ্যের জন্য যেসব পদ্ধতিতে চিয়া সিড খেতে পারেন

অন্ত্রের সুস্বাস্থ্যের জন্য যেসব পদ্ধতিতে চিয়া সিড খেতে পারেন

3

মিলি রহমান।।

চিয়া সিড খাওয়ার পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে অনেকেই জানেন, কিন্তু এটি কোন খাবারের সঙ্গে মিশিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার মিলবে? সম্প্রতি ভারতের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি এ বিষয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

তার পরামর্শ অনুযায়ী ফাইবার, ওমেগা-৩ ও খনিজে ভরপুর চিয়া সিড খাওয়ার বিভিন্ন উপায় নিচে তুলে ধরা হলো।

দইয়ের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া অত্যন্ত উপকারী, যা ডা. সৌরভ শেঠি সর্বোচ্চ ১০/১০ রেটিং দিয়েছেন। এই মিশ্রণে চিয়া সিড থেকে ফাইবার এবং দই থেকে প্রোটিন ও শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়া বা মাইক্রোবস পাওয়া যায়।

এ ছাড়া গ্রিক ইয়োগার্টের সঙ্গে গুঁড়ো করা চিয়া সিড মিশিয়ে খাওয়াও ১০/১০ রেটিং পেয়েছে, কারণ বীজগুলো গুঁড়ো করলে এর ভেতরের ওমেগা-৩ ফ্যাট শরীর সহজে গ্রহণ করতে পারে।

ওটসের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া চিয়া ওটমিলকে তিনি ৯/১০ রেটিং দিয়েছেন, যা ফাইবারের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং হৃদযন্ত্রের জন্য বেশ ভালো।

অন্যদিকে, গরুর দুধ বা উদ্ভিজ্জ দুধে সারারাত চিয়া সিড ভিজিয়ে পুডিং বানিয়ে খাওয়া অথবা পুষ্টিগুণে ভরপুর ফল ও দুধের সঙ্গে চিয়া সিড ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খাওয়া—উভয় পদ্ধতিকেই তিনি ৮/১০ রেটিং দিয়েছেন, যা ফাইবার ও প্রোটিনের দারুণ উৎস।

এক গ্লাস পানিতে সারারাত চিয়া সিড ভিজিয়ে রেখে পরের দিন সকালে পান করা ওভারনাইট চিয়া ওয়াটার বেশ সহজ ও সুবিধাজনক হওয়ায় এর রেটিং ৭/১০।

তবে ডা. সৌরভ শেঠি সরাসরি চামচ দিয়ে শুকনো চিয়া সিড খেতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং এটিকে মাত্র ২/১০ রেটিং দিয়েছেন। কারণ চিয়া সিড খুব দ্রুত তরল শোষণ করে ফুলে ওঠে, তাই শুকনো না খেয়ে এটি সবসময় ভিজিয়ে বা গুঁড়ো করে খাওয়া উচিত।