স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিলেও লড়াকু পারফরম্যান্সের জন্য সুইস সমর্থকদের কাছ থেকে বীরোচিত অভিবাদন পেয়েছে সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল।
৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। কিন্তু কোয়ার্টারে হেরে বিদায় নিতে হলো রেড ক্রসদের। এতে সেমিতে ওঠার স্বপ্নযাত্রা এখানেই থেমে গেল দলটির।
ইনজুরির কারণে শীর্ষ গোল স্কোরার জোহান মানজাম্বির অনুপস্থিতি এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রিল এমবোলোর লাল কার্ডের পরেও দলের এমন লড়াইয়ে ভীষণ গর্বিত সমর্থকরা।
ম্যাচের পর জেনেভা, নাইওনসহ সুইজারল্যান্ডের বিভিন্ন শহরের রাজপথে নেমে হাজার হাজার সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে ‘আমাদের হৃদয়ে তোমরাই বিজয়ী’ স্লোগানে মুখরিত করে তোলেন।
হতাশা সত্ত্বেও দলের প্রচেষ্টায় গর্বিত ছিলেন সমর্থকরা। খেলা দেখা শেষ করে হাজার হাজার সুইস সমর্থক পতাকা নাড়তে নাড়তে বাড়ি ফিরছিল।
ম্যাচটি যখন শেষ হয় সুইজারল্যান্ডে তখন ভোর। এ সময় নাইওনে সুইস সমর্থক লরা কে বলেন, ‘আমাদের মনে তোমরাই জিতেছো, সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে দশ বনাম এগারো।’
সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘মুরাত ইয়াকিনের দল পুরো দেশকে মুগ্ধ করেছে।’
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে সুইজারল্যান্ডের বিদায়ের পর দেশটির প্রেসিডেন্ট গাই পারমেলিন দলের প্রশংসা করে বলেছেন, আজকের হতাশা সত্ত্বেও আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো—দলটি একটি অসাধারণ টুর্নামেন্ট খেলেছে। এই ঐক্যবদ্ধ দলটি পুরো সুইজারল্যান্ডবাসীকে রোমাঞ্চিত করেছে।









































