স্পোর্টস ডেস্ক।।
প্রত্যাশার ফাঁকা বেলুন ওড়ালো ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়াটার ফাইনালের আগেই বিদায় নেয়। দলের এমন ব্যর্থতার জন্য অবশেষে মুখ খুললেন তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষমা চেয়ে ভিনিসিয়াস লেখেন, ‘আমরা জানি আপনাদের প্রত্যাশা কতটা ছিল। আমরা সেটা পূরণ করতে পারিনি। এই জন্য আমি দুঃখিত।’
ব্রাজিলের বিদায়ের পর বেশ কিছুদিন কেটে গেছে। এতদিন কোনও মন্তব্য করেননি। কিন্তু ভিনিসিয়াস মনে করেন, নীরব থাকা অন্যায়। তাই খোলাখুলি মেনে নেন, দলের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেক নিচে ছিল। তার মতে, ‘ব্রাজিলের হয়ে খেলা আমার জন্য গর্বের ব্যাপার। কিন্তু এবার সেই গর্বকে সঠিকভাবে রক্ষা করতে পারিনি।’
ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশ্বকাপ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়। বরং জাতীয় আবেগের প্রতীক। সেই আবেগকে আঘাত করার জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস।
তার এই বক্তব্যে ফুটবলপ্রেমীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তার সততা এবং সাহসিকতার প্রশংসা করেছেন। আবার অনেকেই মনে করছেন, শুধুমাত্র ক্ষমা যথেষ্ট নয়, দলের ভেতরে কাঠামোগত পরিবর্তন জরুরি।
ব্রাজিলের সাবেক তারকারা বলছেন, প্রতিভা থাকা সত্ত্বেও দলীয় সমন্বয় এবং মানসিক দৃঢ়তার অভাবই বড় ব্যর্থতার কারণ। তবে ভিনিসিয়াসের এই খোলামেলা স্বীকারোক্তি এবং ক্ষমা প্রার্থনা ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে আরও শক্তিশালী হয়ে ফিরবেন। একইসঙ্গে দেশের গৌরব পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা করবেন। সমর্থকরা এখন অপেক্ষায়। ব্রাজিল আবার কবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে, সেটাই দেখার।









































