Home জাতীয় ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ধারা’: টানা ৯ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ধারা’: টানা ৯ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

2


স্টাফ রিপোর্টার।।

দেশজুড়ে ধেয়ে আসছে চলতি বছরের দ্বিতীয় এবং প্রায় পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয় ‘ধারা’। এর প্রভাবে আজ রবিবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত টানা ৯ দিন দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড’ এই পূর্বাভাস দিয়েছে।

৭ থেকে ১১ জুলাই সবচেয়ে শক্তিশালী থাকবে ‘ধারা’: পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হবে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশজুড়ে বিস্তার লাভ করবে। এর মধ্যে আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী ও সক্রিয় থাকবে।

এই সময়ে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আবহাওয়া সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এ ছাড়া খুলনা ও ঢাকা বিভাগে বেশ সক্রিয় এবং রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে। একটানা বৃষ্টির কারণে দেশের প্রায় ৬০-৭০ শতাংশ এলাকার পানি সেচের চাহিদা পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ৯ দিন আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকবে।

বজ্রপাত ও দমকা হাওয়া, তবে শিলাবৃষ্টির শঙ্কা নেই: বৃষ্টি বলয় চলাকালীন দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। তবে এই দফায় শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। ‘ধারা’র প্রভাবে দেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি থিতিয়ে আসবে এবং আবহাওয়া বেশ আরামদায়ক হবে। তবে বৃষ্টি থামলে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় সাময়িকভাবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

পাহাড় ধস ও আকস্মিক বন্যার সতর্কতা: পূর্বাভাস অনুযায়ী, এই দফায় বড় ধরনের বন্যার আশঙ্কা কম থাকলেও সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে নদনদীর তীরবর্তী অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। উপকূলীয় জেলা বান্দরবানসহ দেশের বিভিন্ন নিচু অঞ্চলেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে (আসাম ও মেঘালয়) ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অতিবৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের যথেষ্ট ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

উত্তাল থাকবে বঙ্গোপসাগর: আবহাওয়া সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সামুদ্রিক লঘুচাপ অবস্থান করছে, যা ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এই লঘুচাপ ও প্রবল মৌসুমী বায়ুর যৌথ কারণে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। উপকূলীয় অঞ্চল ও মাছ ধরার নৌকাগুলোকে সতর্কাবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।