খুলনাঞ্চল রিপোর্ট।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের ভেতর স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে এক সন্তানের জননীকে (১৭) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীদের সহায়তায় স্বজনরা গৃহবধূকে উদ্ধার করেন।
স্থানীয় ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ উপজেলায় মায়ের বাড়িতে বসবাস করতেন। এক কক্ষে মা ও অন্য একটি কক্ষে গৃহবধূ স্বামী ও তিন বছরের ছেলে সন্তান নিয়ে থাকতেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ৭-৮ জনের মুখ বাঁধা একটি সংঘবদ্ধ দল ঘরে ডুকে গৃহবধূর স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে। এ সময় স্বামীকে বাঁচাতে বাধা দেয়ায় দুর্বৃত্তরা গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে গণধর্ষণ করে।
পরে স্বজনরা গৃহবধূকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় বুধবার (১৭জুন) দুপুরে গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ দায়ের করেন।
গৃহবধূর মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি অসহায় মা। আমার স্বামী আছিন প্রতিবন্ধী। মইরা গেছে। মায়াডারে লইয়া থাকতাম। যারা আমার মায়াডার সর্বনাশ করছে তাগর কঠিন বিচার চাই।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার শিকার গৃহবধূকে পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’










































