Home বিনোদন প্রচারণায় নেই পূজা

প্রচারণায় নেই পূজা

5


বিনোদন ডেস্ক।।

গত ঈদে মুক্তি পায় পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। রেদোয়ান রনি পরিচালিত এ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এদিকে ক’দিন আগেই পূজার বাবা আর্থিক প্রতারণা মামলায় গ্রেপ্তার ও পরে কারাগারে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। যদিও একটি পোস্টের মাধ্যমে এ নায়িকা জানিয়েছেন, তার বাবার এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ পর্যন্ত নেই।


তিনি কিছুই জানেন না। অন্যদিকে রোজার ঈদের পর আসছে কোরবানির ঈদে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে পূজার। একটি হলো অলোক হাসান পরিচালিত ‘নাকফুলের কাব্য’ আর অন্যটি হলো সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’।


দুটি ছবিতে দুই ধরনের চরিত্রে দেখা যাবে পূজাকে। ঈদের আছে আর মাত্র ৭ দিন। কিন্তু দুটি ছবির একটিরও প্রচারণায় দেখা মিলছে না পূজার। তার সামাজিক মাধ্যমে চোখ রাখলেও দুটি ছবি নিয়ে কাছাকাছি সময়ে কোনো পোস্ট করেননি তিনি। যদিও তার বিপরীতে মালয়েশিয়ায় নায়িকার শো করতে যাওয়ার একটি পোস্টার নজরে পড়ে।

বিষয়টি জানতে পূজার মোবাইল নম্বরে ফোন করেও তাকে পাওয়া যায়নি। যদিও জাজ মাল্টিমিডিয়া এরইমধ্যে প্রচার শুরু করেছে ‘মাসুদ রানা’র। পাশাপাশি পরিচালক অলোক হাসান ও বেঙ্গল মিডিয়াও ‘নাকফুলের কাব্য’র প্রচার শুরু করেছেন বেশ আগেই। কিন্তু কোনো এক অজানা কারণে দুই ছবির অন্যতম চরিত্র পূজা প্রচারণায় নেই।