মো রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় সাতবাড়িয়ার মন্ডলপাড়ার ৮ম শ্রেণির ছাত্রী (১৪)কে বাল্য বিবাহ আয়োজনের অপরাধে কনের বাবা , বরকে কারাদণ্ড ও মেয়ের ফুফুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ শুক্রবার বিকেলে এ সমস্ত সাজা প্রদান করেছেন।
ইউএনও সোহেল মারুফ জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক মেয়ের বাবা (৪১), পিতাকে ৬( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে প্রবাসী আহাদুর রশিদ (২২) একই আইনে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । এছাড়া মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা ও বাল্যবিবাহে সহায়তা করার দায়ে একই আইনে মেয়ের ফুপুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরোও জানান, তাদেরকে সতর্ক করা হয়েছে প্রথমে, এছাড়া তারা প্রাপ্তবয়স্ক মেয়েকে সাজিয়ে কনে হিসেবে প্রথমে উপস্থাপন করে। পরবর্তীতে পুনরায় অভিযানে গেলে শাম্মি নামের মেয়েকে কনে সাজিয়ে রাখে ও সে আমাদের কাছে নিজেকে কনে হিসেবে স্বীকারোক্তি দেয়। পরে তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য পাওয়া যায়। মেয়ের বাবা, কনে ও বিয়ের বরকে হাজির করা হয়। তারা জানায়, সচেতনভাবে তারা আমাদেকে বিভ্রান্ত করেছে ঘটনা ভিন্নখাতে উপস্থাপন করতে। বাল্য বিবাহ বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানান, ইউএনও সোহেল মারুফ।











































