স্টাফ রিপোর্টার।।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে কেসিসি পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে। শুধু সিটি করপোরেশনের উদ্যোগেই নয়, বরং নগরবাসীকে স্বপ্রণোদিত হয়ে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান।
এ ছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুরসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।
কেসিসি সূত্রে জানা গেছে, এই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন-নালা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নগরবাসীর সহযোগিতায় এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমিয়ে আনার আশা করছে সিটি করপোরেশন।











































