Home খেলাধুলা পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

8

র্স্পোটস ডেস্ক।।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় হার্দিক পান্ডিয়া ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

বেঙ্গালুরুর শিবাজি নগর থানায় হার্দিকের বিরুদ্ধে এই অভিযোগ করেন পুনের আইনজীবী ওয়াজিদ খান বিদকার।

গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাঠে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করেন পান্ডিয়া।

ওয়াজিদ খানের অভিযোগ, ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নাচের পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে শুয়েও পড়েন পান্ডিয়া। জাতীয় পতাকাকে মাটিতে নামিয়ে আনার এই বিষয়টিকেই অবমাননা হিসেবে দেখছেন ওয়াজিদ খান। এতে পান্ডিয়া ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’–এর বিধান লঙ্ঘণ করেছেন বলেও মনে করেন এই আইনজীবী।


ভারতের বার্তা সংস্থা এএনআইকে ওয়াজিদ খান বলেন, ‘আপনারা টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখেছেনই নিশ্চয়ই। জয় উদ্‌যাপনে হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকার সঙ্গে নাচছিলেন। তখন তাঁর পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল… ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু হার্দিক পান্ডিয়া জয়ের উদ্‌যাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তাঁর প্রেমিকার সঙ্গে শুয়েছিলেন…আমার মতে, এটি জাতীয় পতাকার প্রতি অবমাননা।’

‘আমি শিবাজি নগর থানায় একটি অভিযোগ করেছি। যখন অভিযোগ করতে গিয়েছিলাম, তারা আমাকে বলেছিল ঘটনাটি এখানে নয়, অন্য জায়গায় (আহমেদাবাদ) ঘটেছে। তখন আমি বলেছি, জাতীয় পতাকা পুরো জাতির প্রতীক, তাই শিবাজি নগর থানাতেই আমরা অভিযোগ করতে পারি। তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপিও দিয়েছে। এখন দেখি এরপর কী হয়। আমি অভিযোগটি করেছি।’

হার্দিকের ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দেখছেন কিছুটা বড়াবাড়ি হিসেবে। অনেক আবার বলছেন, এমন উদ্‌যাপনে কোনো বাড়াবাড়ি করা হয়নি।