Home জাতীয় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে পরিণতের দাবি ১২ অর্থনীতিবিদের

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে পরিণতের দাবি ১২ অর্থনীতিবিদের

5

ঢাকা অফিস।।

জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত করার দাবি জানিয়েছে দেশের ১২ জন খ্যাতমান অর্থনীতিবিদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর সাবেক পরিচালক অধ্যাপক ড. নাজমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক ড. মাসুদা ইয়াসমিন, অধ্যাপক ড. রুমানা হক, অধ্যাপক ড. অতনু রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট চেয়ারম্যান অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, অর্থনীতিবিদ অধ্যাপক জাহিদুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক এস এম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম, সহযোগী অধ্যাপক নাজমুল হুসাইন এবং স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সিদ্দিকা।

বিবৃতিতে তারা বলেন, ২০০৫ আইনটি পাস হয় এবং ২০১৩ সালে এটিকে সংশোধন করা হয়।

দুই দশক ধরে বাস্তবায়নের অভিজ্ঞতায় আইনটির কিছু দুর্বলতা চিহ্নিত হওয়ায় আইনটি পুনঃসংশোধনের মাধ্যমে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ধারাবাহিকভাবে কোন আইনকে সময়োপযোগী, কার্যকরী ও শক্তিশালী করার উদ্যোগ বিশ্বের সব দেশের জন্যই একটি স্বাভাবিক অনুসরণীয় পদ্ধতি। অন্তরবর্তীকালীন সরকার তামাক নিয়ন্ত্রণ আইনটিকে শক্তিশালী করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ জারি করে। জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে অধ্যাদেশটি আইনে পরিণত করা জরুরি বলে মনে করি।

বিবৃতিতে তারা আরো বলেন, ”নির্বাচিত নতুন সরকার দেশের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা গণমাধ্যমের সংবাদে জানতে পেরেছি যে, সরকার তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটিকে আইনে রুপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।”