শাহ তানভীর আহমেদ।।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। তবে সেই নির্দেশনা খুলনার বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পুরোপুরি মানা হচ্ছে না বলে দেখা গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় গত ৪ মার্চ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান এবং খোলাবাজারে ডিজেল–পেট্রল বিক্রি বন্ধসহ কয়েকটি নির্দেশনা জারি করে। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সংযম আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনার মার্কেটগুলোতে আলোর ঝলকানি: বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক মার্কেট ও বিপণিবিতানে জমকালো আলোকসজ্জা করা হয়েছে। নগরীর নিউ মার্কেট, ডাকবাংলা মোড়, রেলওয়ে মার্কেট, শপিং কমপ্লেক্স, পিকচার প্যালেস এলাকার বেশ কয়েকটি মার্কেটের সামনে বাহারি রঙের লাইটিং ও অতিরিক্ত আলোকসজ্জা চোখে পড়ে। অনেক দোকানের সাইনবোর্ডে উচ্চক্ষমতার বাতি ব্যবহার করা হচ্ছে।

ডাকবাংলা এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদকে সামনে রেখে ক্রেতা আকর্ষণের জন্য প্রতিবছরই দোকানে অতিরিক্ত আলোকসজ্জা করা হয়। সরকারের নির্দেশনার বিষয়টি অনেকেই পুরোপুরি জানেন না বলেও তারা দাবি করেন।
কিছু মার্কেটে নির্দেশনা মানা হচ্ছে: তবে নগরীর কয়েকটি মার্কেটে আলোকসজ্জা সীমিত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনেক ব্যবসায়ী ইতোমধ্যে বাড়তি আলোকসজ্জা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

ব্যবসায়ী নেতাদের বক্তব্য: খুলনার ব্যবসায়ী নেতারা জানান, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। তবে ঈদের মৌসুমে ক্রেতা টানতে অনেক ছোট দোকানদার এখনো অতিরিক্ত লাইটিং ব্যবহার করছেন।

তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে অপ্রয়োজনীয় আলোকসজ্জা কমিয়ে আনার চেষ্টা চলছে। প্রসঙ্গত, জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকার অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে বাস্তবে অনেক এলাকায় এখনো সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।











































