ঢাকা অফিস।।
সরকারের আরোপ করা কোটানীতির কারণে দেশে বাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির দাবি, কাগজে সরবরাহ কমানো হয়েছে প্রায় ২৫ শতাংশ, কিন্তু বাস্তবে তা আরো বেশি কমে গিয়ে বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে।
আজ বৃহস্পতিবার (১২ র্মাচ) রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।
গুজবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্বাভাবিক চাহিদার তুলনায় বেশি জ্বালানি ক্রয় শুরু হয়। এতে বাজারে হঠাৎ চাপ তৈরি হয়।
তিনি বলেন, সংকটের শুরু গুজব থেকে হলেও পরবর্তীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ কঠোর বিপণন নীতিমালা আরোপ করে। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
সাজ্জাদুল করিম কাবুল বলেন, দেশে প্রকৃত অর্থে জ্বালানির মজুদ সংকট নেই। বরং বাজার ব্যবস্থাপনা, সরবরাহ কাঠামো এবং নীতিগত ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরো জানান, গত রবিবার থেকে বিপিসি প্রতিটি পেট্রল পাম্পের ওপর কোটা আরোপ করেছে এবং আগের সময়ের গড় উত্তোলনের ভিত্তিতে প্রায় ২৫ শতাংশ কম সরবরাহের নীতি গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে এই নীতির প্রয়োগে বেশ কিছু গুরুতর ত্রুটি রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, বিপিসি মার্চ থেকে জুন সময়কালের গড় উত্তোলনের ভিত্তিতে সরবরাহ কমিয়েছে। অথচ বাস্তবে মার্চের পর, বিশেষ করে সেচ ও শুষ্ক মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদা কমে যায়। অন্যদিকে জানুয়ারি থেকে এপ্রিল সময়ে চাহিদা তুলনামূলক বেশি থাকে। ফলে মার্চ–জুনের গড় ধরে বর্তমান সরবরাহ নির্ধারণ করা বাস্তবসম্মত নয়।
তিনি আরো বলেন, পেট্রল পাম্পগুলো সাধারণত সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন এবং মাসে গড়ে ২০ থেকে ২২ দিন জ্বালানি উত্তোলন করে।
কিন্তু বিপিসি মাসকে ৩০ দিন ধরে ভাগ করে দৈনিক কোটা নির্ধারণ করেছে। এতে কাগজে ২৫ শতাংশ সরবরাহ হ্রাস দেখালেও বাস্তবে সরবরাহ আরও বেশি কমে গেছে। এজেন্ট ও প্যাক পয়েন্ট এবং ডিলারদের নিয়মিত সরবরাহ বন্ধ থাকায় বাজারে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত জ্বালানি কম প্রবেশ করছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বিপিসি শুধু পেট্রল পাম্প নয়, বিপণন কম্পানিগুলোর ওপরও ডিপোভিত্তিক দৈনিক সরবরাহসীমা বেঁধে দিয়েছে। এর ফলে ডিপোতে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও প্রয়োজন অনুযায়ী সরবরাহ দেওয়া যাচ্ছে না। সপ্তাহের সব দিনে চাহিদা সমান না থাকলেও দৈনিক সীমা থাকার কারণে সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হচ্ছে। বিশেষ করে রোববার ও বৃহস্পতিবার বেশি চাহিদা থাকলেও ডিপোর সীমাবদ্ধতায় তা সামাল দেওয়া যাচ্ছে না।
এ ছাড়া অনেক পাম্পের বরাদ্দ এত কমে গেছে যে ৫ হাজার থেকে ৯ হাজার লিটার ধারণক্ষম ট্যাংক লরি পূর্ণ লোডে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে আংশিক লোডে তেল উত্তোলন করলে পরিবহন ব্যয় ডিলারদের কমিশনের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। ফলে অনেক পাম্পের জন্য জ্বালানি উত্তোলন বাণিজ্যিকভাবে অলাভজনক হয়ে পড়েছে।
সংগঠনটির নেতারা বলেন, মাঠপর্যায়ের চাহিদা সম্পর্কে পদ্মা অয়েল কম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রত্যক্ষ ধারণা থাকলেও তাদের পর্যাপ্ত স্বাধীনতা না দিয়ে কেন্দ্রীয়ভাবে কঠোর সীমা আরোপ করা হয়েছে। এতে বাস্তব পরিস্থিতির সঙ্গে নীতির বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।
তাদের দাবি, এই নীতিগত সীমাবদ্ধতার কারণে সারাদেশে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম অচলাবস্থা তৈরি হয়েছে। অনেক পাম্প বরাদ্দ থাকা সত্ত্বেও কার্যকরভাবে তেল উত্তোলন করতে পারেনি। এতে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, অসন্তোষ, বিশৃঙ্খলা এবং পাম্পকর্মীদের ওপর হামলা ও হেনস্থার ঘটনাও ঘটছে।
সংগঠনের পক্ষ থেকে ডিপোভিত্তিক দৈনিক কোটা পদ্ধতি শিথিল বা প্রত্যাহার করে সাপ্তাহিক কোটা পদ্ধতি চালুর দাবি জানানো হয়েছে, যাতে চাহিদার ওঠানামা অনুযায়ী সরবরাহ সমন্বয় করা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের জয়েন্ট কনভেনার মিজানুর রহমান রতন, আবু হিরণ এবং সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।











































