Home খেলাধুলা ভিনিসিয়ুসের জোড়া পেনাল্টিতে বড় জয়ে শীর্ষে রিয়াল

ভিনিসিয়ুসের জোড়া পেনাল্টিতে বড় জয়ে শীর্ষে রিয়াল

7


স্পোর্টস ডেস্ক।।

লা লিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে সাময়িকভাবে লিগের শীর্ষে উঠে গেছে রিয়াল।

রিয়ালের পয়েন্ট এখন ৬০, যা দ্বিতীয় স্থানে থাকা গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই বেশি। তবে বার্সার একটি ম্যাচ কম আছে, তারা সোমবার স্থানীয় প্রতিদ্বন্দ্বী জিরোনার মাঠে খেলবে।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া, যিনি বিশ্রামে থাকা কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে খেলেন, ট্রেন্ট আলেক্সজান্ডার আর্নল্ডের ক্রস দারুণভাবে জালে পাঠান। গোলরক্ষক আলেক্স রোমিওকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি।

২১তম মিনিটে সমতা ফেরায় সোসিয়েদাদ। ডিন হুইজেনের ফাউলে পেনাল্টি পায় অতিথিরা এবং মিকেল ওইরাসাবাল স্পট কিক থেকে গোল করেন।

তবে সমতা স্থায়ী হয়নি বেশি সময়। ২৫তম মিনিটে জন আরামবুরুর ফাউলে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস। শান্তভাবে বল জালে পাঠিয়ে আবারও লিড এনে দেন তিনি।

৩১তম মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। ভিনিসিয়ুসের পাস থেকে বক্সে ঢুকে দারুণ কার্লিং শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস। দ্রুতগতির আক্রমণে আরামবুরুকে কাটিয়ে এগোতে গিয়ে পেছন থেকে ফাউলের শিকার হন। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি। এতে টানা অষ্টম লালিগা জয় নিশ্চিত করে রিয়াল।

৭০তম মিনিটে পঞ্চম গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন গনসালো। পরে ৮৯তম মিনিটে ফ্রি-কিক থেকে হেডে গোল করলেও অফসাইডের কারণে ভিনিসিয়ুসের হ্যাটট্রিক পূর্ণ হয়নি।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আমরা খুব খুশি। প্রায় নিখুঁত পারফরম্যান্স ছিল এটি। আরও গোল করতে পারতাম, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দাপটের সঙ্গে জিতেছি।’