সংবাদ বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার বিকেলে নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর থানা এলাকার পূজা মন্ডপসমূহে আর্থিক অনুদান প্রদান করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র দেশজুড়ে করোনা ভাইরাস মহামারীর বিষয়ে সতর্ক করে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে উৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, সারাবিশ্ব এখন করোনা মহামারীর কারণে আতংকিত। সে কারণে অপ্রয়োজনীয় জনসমাগম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ফকির মোঃ সাইফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, কনিকা সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়্যারম্যান চৌধুরী রায়হান ফরিদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাশ ও সমাজ সেবক গৌতম লস্কর। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিটি মেয়র নগরীর সদর থানাধীন ২৫টি মন্ডপে অনুদান প্রদান করেন। পরে তিনি দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন।
এদিকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুল পর্যায়ে শিশুদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হওয়ার পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। সবল দেহ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় ক্রিকেট এখন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ক্রিকেট দল ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে সুনাম বয়ে আনছে। তাই ভালোমানের খেলোয়াড় তৈরীতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায়ও উৎসাহিত করতে হবে।
সিটি মেয়র বুধবার সকালে নগরীর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি (অনূর্ধ্ব ১৩) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের শুভেচ্ছা বাণী
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক বাণীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আবহমানকাল থেকে হিন্দু ধর্মালম্বীরা এ দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উৎসবমূখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়। পাশাপাশি দুর্গোৎসব প্রতি বছর বয়ে আনে আনন্দ ও শান্তির বারতা। শান্তির এই অমীয় ধারায় সৌহার্দের মেল বন্ধনে এ দেশে গড়ে উঠেছে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যা জাতি হিসেবে আমাদের করেছে গর্বিত।
দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত করুক, পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অম্লান হোক সুখ-সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন ধর্মালম্বীদের আনন্দ উৎসবে সিটি মেয়র এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক, বর্ষিয়ান রাজনীতিবিদ এম নুরুল ইসলাম দাদুভাই’র মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
এম নুরুল ইসলাম দাদু ভাইকে’কে একজন প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, খুলনার মানুষের দাবি আদায়ের সংগ্রামে ও খুলনার উন্নয়নে তিনি ছিলেন সদা সোচ্চার। সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।











































