স্টাফ রিপোর্টার
হরিণটানা থানার মাদক মামলার এক আসামিকে ৭বছর সশ্রম কারাদন্ড, ৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার দাকোপ থানার বাজুয়া গ্রামের এস এন কলেজের পাশের বাসিন্দা স্বপন রায়ের ছেলে শোভন রায় (২১)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি শোভন রায় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৩১ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে আরাফাত আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আল আকসা নগর শাহ আলমের চায়ের দোকানের সামনে থেকে ৫১পিস ইয়াবাসহ শোভন রায়কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. লুৎফুল হায়দার বাদী হয়ে শোভন রায়ের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১০। ওই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল মোহান্ত আদালতে শোভন রায়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।











































