ক্রীড়া প্রতিবেদক
কথায় বলে ‘গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন।’ বহুল প্রচলিত প্রবচনটির সত্যিকার ও মূল কথা হলো ‘চর্চা।’ চর্চাই মান উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। যারা খেলোয়াড়, তারা যত বেশি খেলবেন, ততই অভিজ্ঞতা হবে।
যুব বিশ্বকাপজয়ী আকবর আলী, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হ্রদয়, পারভেজ ইমন, শরিফুল ও রাকিবুল ইসলামরা বিশ্বকাপ খেলার আগে দেশে ও বিদেশে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। দেশ ও বিদেশে ৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আকবর আলীর দল। ঐ বিভিন্ন দলের সাথে নানা কন্ডিশনে খেলা তাদের অভিজ্ঞতার ভা-ারকে করেছিল সমৃদ্ধ। তারা অনুকূল-প্রতিকূল সব অবস্থায় অভ্যস্ত ও ধাতস্ত হয়ে পড়েছিলেন। যে কারণে বিশ্বকাপের মত বিশ্ব আসরে খেলতে নেমেও ভড়কে যাননি। ডর-ভয় স্পর্শ করেনি। নিজেদের স্বাভাবিক পারফরম্যান্স করতে পেরেছেন। দেখতে দেখতে আবার এসে যাচ্ছে যুব বিশ্বকাপ। আগামী ২০২২ সালের জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজে বসবে বিশ্ব যুব ক্রিকেটের পরের আসর। তার আগেও জুনিয়র টাইগারদের যত বেশি করে সম্ভব আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি।
করোনা না থাকলে হয়তো এরই মধ্যে দেশ আর বিদেশ মিলে একাধিক সিরিজ খেলে ফেলতেন জুনিয়র টাইগাররা। তবে ভেতরের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি ইংল্যান্ড যাবে বাংলাদেশ যুবদল (অনূর্ধ্ব-১৯)।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন গতকাল মঙ্গলবার বিকেলে জানিয়েছেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবারও যুবাদের দেশে ও বিদেশে যত বেশি সম্ভব ম্যাচ খেলার ব্যবস্থা করার চেষ্টা করছি।’ ‘তারই প্রথম ধাপ হিসেবে আগামী বছর জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) দলকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছর জুলাই-আগস্টে ইংল্যান্ডের মাটিতে একটি তিন জাতি টুর্নামেন্ট খেলতে যাবে যুব দল। যে আসরে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার যুব দল অংশ নেবে’-যোগ করেন সুজন।
আগের ৩৬ জন নিয়েই জেমি ডের নেপাল অভিযান
ক্রীড়া প্রতিবেদক
গত জুলাইতে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষিত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাছাই স্থগিত হয়ে যায়। আগামী বছরের যেকোনও সময় ম্যাচগুলো হবে। তার আগে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কোচ জেমি ডে আগের বাছাইকৃত ৩৬ জন খেলোয়াড়কে আবারও ক্যাম্পে ডেকেছেন।
আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টায় হোটেল সোনারগাঁওয়ে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এই হোটেলে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন। ৩৬ জনের প্রাথমিক দলে চারজন নতুন মুখ। এরা হলেন ফিনল্যান্ড প্রবাসী বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ডিফেন্ডার কাজী তারিক রায়হান, পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। তাদের ওপর আস্থা রাখছেন ইংলিশ কোচ ডে। যদিও ক্যাম্পের শুরুতে কোচ ডে ও অধিনায়ক জামাল যোগ দিতে পারছেন না। ডে ইংল্যান্ড, জামাল ডেনমার্ক ও কাজী তারিক ফিনল্যান্ড থেকে ক্যাম্প শুরুর কয়েকদিনের মধ্যে যোগ দেবেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে সুফিল-সোহেল রানাদের আবারও করোনা পরীক্ষা করে আসতে হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পর আবারও তাদের করোনা পরীক্ষা করবে বাফুফে। নেপাল ম্যাচের আগে স্কোয়াড ছোট করে আনবেন কোচ।
প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. আবদুল্লাহ, এমএস বাবলু ও সুমন রেজা।
বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রীতি ম্যাচের দিনক্ষণ নিয়ে কদিন ধরে মৌখিকভাবে নেপালের সঙ্গে আলোচনা চলছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এবার তা চূড়ান্ত হয়েছে; আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে ম্যাচ দুটি।
বাফুফে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ম্যাচ দুটির তারিখ জানায়। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, প্রীতি ম্যাচ দুটি ফিফা টায়ার-১ এর অন্তর্ভুক্ত থাকবে। “ওদের সঙ্গে কথা চলছিল ম্যাচের তারিখ নিয়ে। মঙ্গলবারই দুই পক্ষের আলোচনার মাধ্যমে ১৩ ও ১৭ নভেম্বরে ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।” ২০২০ সালে বাছাইয়ের কোনো ম্যাচ হবে না বলে গত অগাস্টে জানায় ফিফা ও এএফসি। নেপাল সম্মতি জানানোয় তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই খেলায় ফিরবে বাংলাদেশ।
হকিতে মোহামেডান ও মেরিনার্সের শাস্তি প্রত্যাহার
ক্রীড়া প্রতিবেদক
দুই বছর আগে তৈরি হওয়া জটিলতার অবসান হলো। মোহমেডান স্পোর্টিং কাব ও মেরিনার ইয়াংসের কর্মকর্তাদের শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। অচলাবস্থা কাটিয়ে হকিকে মাঠে ফেরাতে সব উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত।
২০১৮ সালের জুনে লিগের সুপার ফাইভে মোহামেডান ও মেরিনার্সের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দফায় দফায় রিভিউ এবং খেলা বন্ধ থাকলে শেষ পর্যন্ত ৪৪ মিনিটের পর আর খেলাই হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচটি ১-১ ড্রয়ে ঝুলে গিয়েছিল। শিরোপা ঘরে তুলতে ম্যাচটি ড্র হলেই চলত মোহামেডানের, কিন্তু মেরিনার্সের জয়ের বিকল্প ছিল না। প্রায় পাঁচ মাস ঝুলে থাকার পর নভেম্বরের শুরুর দিকে ফেডারেশনের নির্বাহী কমিটি মোহামেডানকে ২০১৮ সালের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
বিদেশি খেলোয়াড় ছাড়াই হতে পারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
বিদেশি খেলোয়াড় ছাড়াই নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই টুর্নামেন্টের জন্য কোনো বিদেশি খেলোয়াড়কে পায়নি বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রস্তুতির জন্য নভেম্বরে টি-২০ লিগ আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর বিসিবি।
যদিও কিছু বিদেশি খেলোয়াড় পেয়েছে বিসিবি, কিন্তু টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার কথা ভাবেনি। মূলত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদের চেয়েও বড় তারকা বিদেশি খেলোয়াড়ের সন্ধান করেছিল বিসিবি। বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা চাই বড় তারকা খেলতে আসুক। আমাদের সেরা খেলোয়াড় সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে কম তারকার খেলোয়াড়কে নিতে পারবো না।’
জাহানারা ও সালমা দুবাই যাচ্ছে আজ
ক্রীড়া প্রতিবেদক
নারীদের আইপিএলে অংশ নিতে আজ বুধবার বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম দুবাইয়ে যাচ্ছেন। আইপিএলে এটা সালমা খাতুনের অভিষেক আসর। তবে পেসার জাহানারা আলম গেল মৌসুমে ভেলোসিটি দলের হয়ে খেলেছিলেন।
বেশ ভাল পারফরমেন্স করেছিলেন। সেই টুর্নামেন্টের সেরা ডেলিভারি দেয়া বোলারের স্বীকৃতি জিতেছিলেন তিনি। যদিও সেই দফার ফাইনালে তার দল ভেলোসিটি হেরে যায়। তবে জাহানারা তার ব্যক্তিগত কৃতিত্বে টুর্নামেন্টে চমক দেখান। সেই পারফরমেন্সের কারণেই ভেলোসিটি এবারও বাংলাদেশি এই পেসারকে দলে রেখেছে। আইপিএল আর্ন্তজাতিক কোন টুর্নামেন্ট না। কিন্তু শীর্ষ র্যাঙ্কিংয়ের এই টুর্নামেন্টে বিশ্বের তারকা খেলোয়াড়রা অংশ নেন। তাই এখান থেকে শেখার এবং অর্জনের অনেককিছু আছে। সংযুক্ত আরব আমিরাতে নারীদের আইপিএলে শুরু হবে ১ নভেম্বর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছে মাত্র তিনটি দল।
আতলেতিকো মাদ্রিদে খেলা স্ট্রাইকার আরামবাগে
ক্রীড়া প্রতিবেদক
ক্যাসিনো-কা- থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আরামবাগ ক্রীড়া সংঘ। এরই মধ্যে প্রধান কোচ হিসেবে ভারতের সুব্রত ভট্টাচার্যকে নিশ্চিত করেছে। তিন সহকারী নিয়ে আগামী সপ্তাহেই তিনি আসছেন ঢাকায়। বিদেশি কোচের সঙ্গে উঁচুমানের বিদেশি খেলোয়াড়েও নজর দিয়েছে আরামবাগ। দলে আনছে ঘানা জাতীয় দলের এক স্ট্রাইকারকে, যিনি একসময় খেলেছেন স্প্যানিশ কাব আতলেতিকো মাদ্রিদে।
লা লিগা কাবের মূল দলে অবশ্য খেলার সুযোগ হয়নি সাদিক অ্যাডামসের। ৩০ বছর বয়সী স্ট্রাইকার আতলেতিকোর ‘বি’ দলের হয়ে খেলেছেন ২০০৮-০৯ মৌসুমে। মাদ্রিদের কাবটির ভ্রমণে ২২ ম্যাচে করেছিলেন ৯ গোল। তবে মূল দলের রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়া অ্যাডামস ২০০৭ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের শীর্ষ ৫০ তরুণ ফুটবলাদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। ঘানা জাতীয় দলের হয়ে ২ ম্যাচে ১ গোল করা এই স্ট্রাইকারকে আনতে যাচ্ছে আরামবাগ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ‘আমাদের নতুন একজন পৃষ্ঠপোষক এসেছেন। তিনি মূলত বিদেশি কোচ থেকে শুরু করে খেলোয়াড় সংগ্রহ করছেন। আমরা এবার উঁচুমানের বিদেশি নিয়ে আসছি।’
কোচ ছাড়াই পাকিস্তানে গেল জিম্বাবুয়ে দল
ক্রীড়া প্রতিবেদক
করোনা বিরতির পর প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল হিসেবে পাকিস্তান সফরে গেছে জিম্বাবুয়ে দল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যেতে পারেননি দলটির ভারতীয় কোচ লালচাঁন রাজপুত।
জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, হারারেতে অবস্থিত ভারতীয় দূতাবাসের কাছে লালচাঁন রাজপুতের পাকিস্তান সফরের জন্য ছাড় চাওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য দেশটির সরকার যে ভ্রমণ নির্দেশিকা দেওয়া আছে সে অনুসারে দূতাবাস অনুমতি দিতে রাজি হয়নি। বিবৃতিতে রাজপুতের অনুপস্থিতির কথা জানানোর পাশাপাশি পাকিস্তান সফরে দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে বোলিং কোচ ডগলাস হন্ডো দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে। পাকিস্তান সফরের শুরুতে রাওয়ালপিন্ডিতে ৩টি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। এরপর লাহোরে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাটলার ঝড়ে উড়ে গেল চেন্নাই
ক্রীড়া প্রতিবেদক
জস বাটলারের বিধ্বংসী ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে রাজস্থান। তবে হেরে যাওয়া মাহেন্দ্র সিং ধোনির দল তলানিতে নেমে গেছে।
আইপিএলের ৩৭তম ম্যাচে আবুধাবিতে প্রথমে ব্যাট করা চেন্নাই মন্থর গতিতে রান তোলে। শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৫ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ২৮ বলে সমান ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ধোনি। রাজস্থান বোলারদের মধ্যে জোফরা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নেন।
১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ২৮ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেট জুটিতে ৯৮ রান তুলে জয় নিশ্চিত করেন স্টিভেন স্মিথ ও জস বাটলার। বেশ আক্রমণাত্মক থাকা বাটলার ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। ২৬ রান করেন দলনেতা স্মিথ। চেন্নাই বোলার দীপক চাহার ২টি ও জস হ্যাজেলউড একটি উইকেট দখল করেন। দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন বাটলার।
জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করল পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত ২২ সদস্যের স্কোয়াড থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নেয়া হবে।
সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলবে জিম্বাবুয়ে। রাওলপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৩০ অক্টোবর। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে ১ ও ৩ নভেম্বর। লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।
পাকিস্তান দল : বাবর আজম, হায়দার আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, আবিদ আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, শাদাব খান, ইফতিখার আহমেদ, হারিস রউফ, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের,শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসানাইন এবং জাফর গোহার।
চলে গেলেন সাবেক ফরাসি গোলরক্ষক মার্তিনি
ক্রীড়া প্রতিবেদক
ফ্রান্স জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও গোলকিপিং কোচ ব্রুনো মার্তিনি আর নেই। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ফরাসি ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। গত সপ্তাহে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর থেকে তিনি হাসপাতালে ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে। জাতীয় দলের হয়ে মার্তিনি খেলেছেন ৩১ ম্যাচ। ১৯৯২ ইউরোতে আয়োজক সুইডেন, ইংল্যান্ড ও সেবারের চ্যাম্পিয়ন ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোলপোস্টের নিচে দেখা গিয়েছিল তাকে। ১৯৯৯ থেকে ২০১০ পর্যন্ত দলটির গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে ২০০০ সালে ইউরো জেতা ফ্রান্স ২০০৬ বিশ্বকাপে হয় রানার্সআপ।
এলপিএলের এলোমেলো ড্রাফটে দল পেলেন গেইল-রাসেলরা
ক্রীড়া প্রতিবেদক
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটের তারিখ পিছিয়েছে কয়েকবার। শেষ পর্যন্ত সোমবার যখন সেটি হলো, অনলাইন আয়োজনে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। ড্রাফটের নিয়ম-কানুন, ক্রিকেটার বাছাইয়ের পদ্ধতি, সবকিছু নিয়ে গোলমাল পাকাল বারবার। এসবের মধ্য দিয়েই শেষ হলো ড্রাফট। সেখানে দল পেলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, ফাফ দু প্লেসিরা।
ড্রাফট থেকে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন দাভিদ মালান, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি, পল স্টার্লিং, সামিত প্যাটেল, ডেভিড মিলার, কার্লোস ব্র্যাথওয়েট, আসিফ আলি, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, নাভিন-উল-হক, কলিন ইনগ্রাম, মোহাম্মদ আমির, হজরতউল্লাহ জাজাই, সরফরাজ আহমেদ ও আজম খান। এমনকি ভারতীয় ক্রিকেট থেকে বেশ আগে অবসরে যাওয়া মানবিন্দর বিসলা ও মানপ্রিত গনি আছেন একটি দলে।
৫ দলের এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ২১ নভেম্বর। এই আসরের জন্য বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের কোয়ারেন্টিনের শর্তে কোনো ছাড় দেয়নি শ্রীলঙ্কান সরকার। বাংলাদেশ দলকে সফরের জন্য যেভাবে ১৪ দিন কঠোর কোয়ারেন্টিনের শর্ত দেওয়া হয়েছিল যে নিজের কক্ষ থেকে বের হওয়া যাবে না, এখানেও সেই শর্তই থাকছে। এলপিএলের বিদেশিরা এই শর্তে রাজি বলেই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।











































