অনলাইন ডেস্ক।।
লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। গত ৩ নভেম্বর লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল ঘেঁষা শহর জুয়ারা থেকে যাত্রা শুরুর ছয় ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় ৪২ অভিবাসী নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের ধারণা তারা সকলেই মারা গেছেন।
এদের মধ্যে ২৯ জন সুদান, ৮ জন সোমালিয়া, ৩ জন ক্যামেরুন ও ২ জন নাইজেরিয়ার নাগরিক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আইওএম জানায়, মোট ৪৯ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করে রাবারের তৈরি ওই নৌকা। যেটি গত ৩ নভেম্বর লিবিয়া উপকূলে ডুবে যায়। এর ছয় দিন পর ৮ নভেম্বর মাত্র সাত জনকে জিবীত উদ্ধার করা গেছে। এই দুর্ঘটনাটি চলতি বছরে মধ্য ভূমধ্যসাগরে ইউরোপমুখী অভিবাসীদের প্রাণহানির সর্বশেষ উদাহরণ। আইওএমের মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট-এর তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত এ পথে অন্তত এক হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন।











































