ঢাকা অফিস।।
বিশিষ্ট শিক্ষা ও ইতিহাস-গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুনীতি ভূষণ কানুনগো আর নেই। আজ শনিবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
আগামীকাল রবিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার নিকটাত্মীয় ও বিশিষ্ট সংস্কৃতিসেবী দোলন কানুনগো।
সুনীতি ভূষণ কানুনগো চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে ১৯৩৪ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন স্বনামধন্য ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগো।
ড. সুনীতিভূষণ ১৯৬০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করার পর স্যার আশুতোষ কলেজে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৬২ সালে প্রথিতযশা ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগোর নির্দেশে ইতিহাসে গবেষণার কাজে ব্রতী হন। তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশের স্বনামখ্যাত ঐতিহাসিক ড. আবদুল করিম। ড. সুনীতিভূষণ ছিলেন তার প্রথম গবেষক ছাত্র।
তার লেখা “চট্টগ্রামের প্রাচীন ইতিহাস” এবং “পার্বত্য চট্টগ্রাম: ইতিহাস, সমাজ ও সংস্কৃতি”, বাংলার ইতিহাস প্রাচীন যুগ তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম। তার অজস্র মৌলিক গ্রন্থরাজির মধ্যে রয়েছে বাংলা ও ইংল্যান্ডের ইতিহাস নিয়ে লেখা বই, যা বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করেছে।










































