Home খেলাধুলা ক্ষমা চাওয়ার পরেও রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ রাখল চীন

ক্ষমা চাওয়ার পরেও রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ রাখল চীন

0

স্পোর্টস ডেস্ক।।

চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে বিতর্কিত মন্তব্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া সত্ত্বেও, দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা সিসিটিভি ক্লাবটির ম্যাচ সম্প্রচার করেনি। গত রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ও রেসিং ক্লাব সান্তাদার মুখোমুখি হয়েছিল।

এর আগে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও। কিন্তু তাতেও মন গলল না চীনের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পে সম্প্রতি একটি মিম নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিমটিতে মাও সেতুং-এর মতো দেখতে একজন ‘চীনা স্বৈরশাসক’-এর মুখের ওপর এমবাপ্পের মুখ বসানো হয়েছিল। এই বিষয়টি নিয়ে কথা বলার পর থেকেই ফুটবল বিশ্বে ব্যাপক বিতর্ক শুরু হয়।
এই বিতর্কের জেরে সিসিটিভির মূল সংস্থা চায়না মিডিয়া গ্রুপ স্প্যানিশ ফুটবল লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করার ঘোষণা দেয়। একই সাথে, বেশ কয়েকটি বড় চীনা ব্র্যান্ড এমবাপ্পেকে তাদের বিজ্ঞাপনের তালিকা থেকে বাদ দিয়ে চুক্তি বাতিল করেছে।

সব মিলিয়ে এই একটি মন্তব্যের কারণে ফুটবল মাঠের বাইরে বড় ধরণের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছেন এই তারকা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের ক্ষমা প্রার্থনাকে ‘গুরুত্ব সহকারে’ বা ইতিবাচকভাবে নিয়েছে।

এদিকে চায়না মিডিয়া গ্রুপ এর আগে তিন পক্ষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল এবং ঘটনাটি থেকে বেরিয়ে আসার জন্য এটিকে ‘একটি অপরিহার্য পূর্বশর্ত’ বলে অভিহিত করেছিল বলে জানা গেছে।

সিসিটিভির স্পোর্টস ওয়েবসাইট পরে জানায়, সিএমজি ক্ষমা প্রার্থনার বিষয়টি গ্রহণ করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক চায়না মোবাইলের মালিকানাধীন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুতে লা লিগার কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হয়েছে। শনিবার বার্সেলোনার আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ও সেখানে দেখানো হয়। তবে রবিবার রেসিংয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচটি মিগুতেও সম্প্রচারিত হতে দেখা যায়নি।