Home বিনোদন মন বলে পারব, কিন্তু শরীর বলে একটু থামো: অমিতাভ বচ্চন

মন বলে পারব, কিন্তু শরীর বলে একটু থামো: অমিতাভ বচ্চন

3

বিনোদন ডেস্ক।।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। জীবনের ৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় ফুরসত নেই তার।

একের পর এক কাজ সামলানোর পাশাপাশি নিয়মিত শরীরচর্চার অভ্যাসও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, তা জানালেন বলিউডের ‘শাহেন শাহ’।

সম্প্রতি নিজের ব্লগে অনিদ্রা, শারীরচর্চা এবং ব্যস্ত জীবনযাপনের নানা সমস্যার কথা জানিয়েছেন অভিনেতা।

সোমবার (২ নভেম্বর) নিজের ব্লগে অমিতাভ জানান, লেখার সময়ে অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে সমস্যায় পড়ছেন তিনি।

কীভাবে সেই সমস্যার সমাধান করবেন, তা বুঝতে পারছেন না। অভিনেতার কথায়, ‘ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কীভাবে ঠিক করতে হয়, তাহলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলো বুঝতে পারিনি।’

এরপরেই ঘুমের সমস্যার কথা জানান অমিতাভ। আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল, এই চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যায় তার। ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমনোর চেষ্টা করেন তিনি। কম্বলের মধ্যে নিজেকে মুড়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন অমিতাভ। বিগ বি-র আশা, তাতে যদি কিছুটা ঘুম আসে।

সকালের অভিজ্ঞতা নিয়েও লিখেছেন অভিনেতা। বারবার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি। কিন্তু হাই উঠলেও পর্যাপ্ত পরিমাণে তার ঘুম হচ্ছে না বলেও জানান অমিতাভ।

শুধু ঘুম নয়, শরীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে বলে জানিয়েছেন অমিতাভ। নিজের মনের ইচ্ছা এবং শরীরের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে অমিতাভ লেখেন, ‘মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!’