Home আঞ্চলিক সুন্দরবনে জিম্মি ৫ জেলেসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে জিম্মি ৫ জেলেসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

2

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া জেলেরা হলেন জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তাদের বাড়ি খুলনার কয়রা থানায়।

আজ মঙ্গলবার এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত সাত্তার বাহিনী কয়রা থানার সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল জিম্মিদের রেখে গহীন সুন্দরবনের পালিয়ে যায়। ফলে ডাকাত দলের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙ্গি নৌকায় ৪ টি দেশি তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়। ’

অপরদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৃথক গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার সুন্দরবনের কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪ টি একনলা বন্দুক, ১ টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।