অনলাইন ডেস্ক।।
এভারেস্ট দেখতে গিয়ে আর ফেরা হল না চেন্নাইয়ের এক পর্যটকের। নেপালের সোলুখুম্বু জেলায় অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪৭ বছর বয়সি বসন্তকুমার বলরামুডুর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পেরিচে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনই হেলিকপ্টারের চালক। দুর্ঘটনার পর থেকেই ওই এলাকায় পর্যটকদের হেলিকপ্টার পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলা। এভারেস্ট অভিযানে যাওয়া পর্বতারোহী এবং পর্যটকদের কাছে এলাকাটি বেশ পরিচিত। দুর্গম পাহাড়ি পথে যাতায়াতের সুবিধার জন্য এখানে প্রায়ই ছোট হেলিকপ্টার ব্যবহার করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে খুম্বু পাসাং লহামু গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেরিচে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,২০০ মিটার উঁচুতে এই জনপদ এভারেস্ট বেস ক্যাম্পের পথে গুরুত্বপূর্ণ একটি বিরতিস্থল।
কীভাবে ঘটল দুর্ঘটনা? নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনেস্টির দু’টি হেলিকপ্টার সেখানে অবতরণের চেষ্টা করছিল। সেই সময় দু’টি কপ্টারের রোটর ব্লেডে সংঘর্ষ হয়। ধাক্কার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টার দু’টি। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। তাতে সংঘর্ষের পর বরফে ঢাকা এলাকায় ধুলো ও তুষার উড়তে দেখা যায়। আশপাশে থাকা লোকজনকেও দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে দেখা গিয়েছে।
দুর্ঘটনায় নিহত বসন্তকুমার বলরামুডু চেন্নাইয়ের বাসিন্দা। আহত তিনজনের মধ্যে রয়েছেন ফিশটেল এয়ারের চালক রবীন্দ্র প্রজাপতি, এয়ার ডাইনেস্টির চালক প্রজ্বল কে সি এবং নিউজিল্যান্ডের নাগরিক ৪৯ বছর বয়সি শৈলেশকুমার প্যাটেল। প্যাটেলের ভারতীয় বংশোদ্ভূত পরিচয় রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের চিকিৎসা চলছে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে। অন্য চালককে ভর্তি করা হয়েছে লুকলার হাসপাতালে।
নেপালের পুলিশ ও অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। দু’টি হেলিকপ্টার অবতরণের সময় কীভাবে এতটা কাছাকাছি চলে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর মাত্র চার দিন আগেই, ৩০ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশীমঠের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চালক-সহ ছ’জনের মৃত্যু হয়েছিল। বদ্রীনাথ থেকে দেরাদুন ফেরার পথে কপ্টারটি ভেঙে পড়ে। অল্প কয়েক দিনের ব্যবধানে হিমালয়ের দুই এলাকায় পরপর দুর্ঘটনা পাহাড়ি পর্যটনে হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।











































