Home খেলাধুলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

1

স্পোর্টস ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় নিজেদের অবস্থান তৈরি করাই ছিল আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক প্রতিষ্ঠিত দলকে পেছনে ফেলছে তারা।

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকাকে টপকে ছয়ে উঠে এসেছে আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দলটির সর্বোচ্চ অবস্থান।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আফগানিস্তানের। এরপর ধাপে ধাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে আলোচনায় আসে তারা। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে।

ওয়ানডে ক্রিকেটেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রশিদ খানের দল। এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জয় পেয়েছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। এর আগে থেকেই বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে ছিল আফগানরা।

সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে দলটি। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল তারা।

সাদা বলের দুই সংস্করণেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে আফগানিস্তান। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র ১৭ বছরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা আফগানিস্তানের জন্য বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য তাদের অবস্থানকে আরও শক্ত করেছে। ফলে আফগানিস্তান এখন আর কেবল চমক দেখানো দল নয়, প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ।

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে রয়েছে বাংলাদেশ (নবম), ইংল্যান্ড (অষ্টম) ও শ্রীলংকা (সপ্তম)। তালিকার শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে উঠে এসেছে পাকিস্তান।