শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
শিকারিদের পাতা ফাঁদে আটকে ছটফট করছিল দুটি হরিণ ও একটি বন্য শূকর। টহলরত বনরক্ষীদের নজরে এলে প্রাণী তিনটিকে উদ্ধার করে আবার বনে অবমুক্ত করা হয়। এ সময় হরিণ শিকারের ১৪৮টি ডোয়া ফাঁদ উদ্ধার করেন বনরক্ষীরা।
আজ সোমবার বিকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের বাউন্ডারি ও কুঞ্চির খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানালেন, জোংড়া টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা হেঁটে টহল দিচ্ছিলেন। এ সময় বনের মধ্যে শিকারিদের পেতে রাখা ডোয়া ফাঁদে দুটি হরিণ ও একটি বন্য শূকর আটকে থাকতে দেখেন তারা। পরে প্রাণী তিনটিকে ফাঁদ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
ডিএফও আরও বলেছেন, সুন্দরবনের বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার বন্ধে বন বিভাগের টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শিকারিরা যাতে বনের বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করতে না পারে, সে জন্য নিয়মিত হেঁটে টহল দেওয়া হচ্ছে। উদ্ধার করা ফাঁদগুলো জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।











































