Home আঞ্চলিক খুলনার বিএনপিতে গুপ্ত বা ফ্যাসিবাদের ঠাঁই হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল

খুলনার বিএনপিতে গুপ্ত বা ফ্যাসিবাদের ঠাঁই হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল

5


।। খবর বিজ্ঞপ্তি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ে দলীয় প্রস্তুতি ও মতবিনিময় জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, খুলনার বিএনপিতে কোনো গুপ্ত কিংবা ফ্যাসিবাদী অপশক্তির ঠাঁই হবে না। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপি নেতা মুর্শিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল সরকারের বিগত ৮ মাসের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করে চলেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে খুলনার শিল্প ও প্রশাসনিক খাতগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার খুলনার বন্ধ ও ধ্বংসপ্রাপ্ত মিল-কলকারখানাগুলো পুনরুজ্জীবিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।


দৌলতপুর এলাকার উন্নয়ন ও নাগরিকদের সুসংবাদের কথা উল্লেখ করে তিনি বেশ কিছু স্থানীয় পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, দৌলতপুরের ঐতিহাসিক কল্পতরু মাঠকে পুনর্র্নিমাণ করে তরুণ ও যুবকদের জন্য মানসম্মত ক্রীড়া পরিবেশ তৈরি করা হবে। এছাড়া পাবলা কবির বটতলায় প্রবীণ নাগরিকদের নিয়মিত শারীরিক কসরত ও হাঁটার সুবিধার্থে একটি আধুনিক ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হবে।


খুলনার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে যেন নিটোল শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেকোনো মূল্যে অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দৌলতপুর থানা বিএনপির এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সিনিয়র বিএনপি নেতা শেখ ইমাম হোসেন, বেলায়েত হোসেন, মতলেবুর রহমান মিতুল, প্রকৌশলী নুর ইসলাম বাচ্চু, আরব আলী ও সৈয়দ মাইনুল ইসলামসহ সংশ্লিষ্ট ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।