Home খেলাধুলা আনভীর ক্রিকেট স্টেডিয়ামে রনির সেঞ্চুরি

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে রনির সেঞ্চুরি

0

স্পোর্টস ডেস্ক।।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ৬ষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রনি চৌহান। তার বিধ্বংসী সেঞ্চুরি ও আরফান শাকিলের দায়িত্বশীল ফিফটিতে প্রথম ইনিংসে ৩১২ রান করেছে ময়মনসিংহ দ্বিতীয় একাদশ।

তাতেই ৭ রানের লিড পায় তারা। রবিবার শুরু হওয়া তিন দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগের করা ৩০৫ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ময়মনসিংহ।

মাত্র ২৭ রানেই হারায় প্রথম তিন উইকেট। আশফিকুল আলম মাহিন ১, মাজহারুল ইসলাম শূন্য এবং ইমরান ফাহাদ আনন্দ ৯ রান করে ফেরেন।
তবে প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন চার নম্বরে নামা রনি। মাহাথির মোহাম্মদকে সঙ্গে নিয়ে গড়েন ৮৫ রানের জুটি।

মাহাথিরের ব্যাট থেকে আসে ২৩ রান। এরপরও আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখেন রনি। মাত্র ১০৫ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলে শাহরিয়ার আহমেদের শিকার হন তিনি।

মিডল অর্ডারে তায়েব আলম দিগন্ত ৩১ ও মুসাব্বির হোসেন মুন ১০ রান করেন। এরপর লোয়ার মিডল অর্ডারে দলের হাল ধরেন আরফান শাকিল। ৭টি চারে ৫৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শেষদিকে তানভীর আনজুমের ২৬ রানের অপরাজিত ইনিংসে ৯৩ ওভারে ৩১২ রানে অলআউট হয় ময়মনসিংহ।

চট্টগ্রামের হয়ে মো. নোবায়েত আলম ৮৪ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট। শাহরিয়ার আহমেদ ও ফাহাদ হোসেনের শিকার দুটি করে উইকেট।

এর আগে ময়মনসিংহের বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয় চট্টগ্রাম দ্বিতীয় একাদশ। চট্টগ্রামের হয়ে ইরফান সাবরি তাকরীর ৯৫ ও ওমর হাসান ৫২ রান করেন। তানভীর আনজুম ৫টি এবং রাকিবুল আতিক ৪টি উইকেট নেন।