খুলনাঞ্চল রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচটি বিশেষ সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন, ভোটগ্রহণ কর্মকর্তা, নির্বাচনী অনিয়ম তদন্ত এবং প্রবাসী ভোট নিয়ে এসব কমিটি কাজ করবে। বৃহস্পতিবার ইসির উপসচিব শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পাঁচটি কমিটিতে একজন কমিশনারকে সভাপতি ও সাতজন করে সদস্য রাখা হয়েছে। তবে সবগুলো কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারবে।
পাঁচটি কমিটির মধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির নেতৃত্বে আছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি একই সঙ্গে প্রবাসী ভোট ও দেশি ও বিদেশি পর্যবেক্ষক সমন্বয় কমিটির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, নির্বাচনি আইন বিধি প্রবিধি বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। মাঠ প্রশাসন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি কমিটির নেতৃত্ব দেবেন নির্বাচন কমিশনার তহমিদা আহমদ। এর আগে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নিদের্শ দেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব প্রস্তুতি শেষ আর সংস্কারের কাজ হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার এমন নির্দেশনার পরদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত এসব বিশেষ কমিটি গঠন করা হল।
আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির নেতৃত্বে আবুল ফজল মো. সানাউল্লাহ: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহকে সভাপতি করে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত কমিটির সদস্যরা হচ্ছেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালক, আইডিইএ প্রকল্প (২য় পর্যায়), যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) এবং যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। এই কমিটির কার্যপরিধিতে রয়েছে, নির্বাচন পরিচালনা কাজের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ; নির্বাচনের দায়িত্বে নিয়োজিতব্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের তদারকি ও সমন্বয় এবং পুলিশ, র্যা ব, বিজিবি, কোস্ট গার্ড, সশস্ত্র বাহিনী, আনসার ও অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতকরণ; ভোটকেন্দ্র বা নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন। এছাড়া এই কমিটি ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহন, বিতরণ ও ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা দেবে। নিরাপত্তাব্যবস্থায় সম্পর্কিত সব বাহিনীর সাথে সমন্বয় করে সম্ভাব্য সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার আশংকা নিরূপন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদির দেখভাল করবে তারা।
প্রবাসী ভোট ও পর্যবেক্ষক সমন্বয় কমিটি: প্রবাসী ভোট ও দেশি বিদেশি পর্যবেক্ষক সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ), পরিচালক (জনসংযোগ) ও সিস্টেম ম্যানেজার (আইসিটি)। এই কমিটি প্রবাসী বাংলাদেশী ভোটারদের ভোটাধিকার প্রদানের পদ্ধতি প্রণয়ন ও এ সংক্রান্ত যাবতীয় বিষয় সমন্বয় করবে। এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকারের বিষয়ে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থাগুলোর সাথে সমন্বয়; পর্যবেক্ষক নীতিমালা অনুসারে দেশী এবং বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি দেখবে তারা।
নির্বাচনি আইন কমিটি: ভোটের সময় যুগ্ম জেলা জজদের সমন্বয়ে নির্বাচনি তদন্ত কমিটি গঠন করে থাকে ইসি। তারা ভোটের অনিয়মে চিহ্নিত করে ইসিকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এবার তাদের কার্যক্রম সরাসরি ইসিই তদারকি করবে। এ লক্ষ্যে গঠিত নির্বাচনি আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি সম্পাদন এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির তদারকি করবেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব (আইন), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) ও উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ)। কমিটির কার্যপরিধিতে রয়েছে- আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন, পরিমার্জন, পরিবর্ধন সম্পর্কিত কার্যাবলি; আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা/ম্যানুয়াল প্রস্তুত কার্যক্রম তদারকি ও সমন্বয়; ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।
মাঠ প্রশাসন সমন্বয় কমিটি: মাঠ প্রশাসন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) এবং উপসচিব (নির্বাচন পরিচালনা-২)।
কমিটির কার্যপরিধিতে রয়েছে, নির্বাচন কমিশনের সাথে মাঠ প্রশাসনে নিয়োজিত/দায়িত্বপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তাগণের নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও পরামর্শ প্রদান; মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; মাঠ প্রশাসন হতে নির্বাচন কমিশনে তথ্য প্রেরণের জন্য একটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী রিপোর্টিং পদ্ধতি প্রবর্তন ও মনিটরিং; নির্বাচনী সময়ে উদ্ভূত যেকোনো সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পরামর্শ ও সহযোগিতা প্রদান; আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্বয় ও পরামর্শ প্রদান এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ কমিটি: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, প্রশিক্ষণ ও তদারকির লক্ষ্যে গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার তহমিদা আহমদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) এবং যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২)। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। এই কমিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচনি কর্মকর্তা/ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, তদারকি এবং প্রযোজ্য সংশোধন বিষয়াদি দেখভাল করবে। এছাড়া যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ সংক্রান্ত কার্যাবলি তদারকি; নির্বাচনি কর্মকর্তা/ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি তদারকি ও সমন্বয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি কমিটির কার্যপরিধিতে রয়েছে।











































